২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু:শাসন ও দুর্বিসহ অবস্থা থেকে মুক্তির জন্যে প্রার্থনার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমান ‘দু:শাসন ও দুর্বিসহ অবস্থা’ থেকে মুক্তির জন্যে দেশবাসীর প্রতি আল্লাহর দরবারে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পবিত্র শবে বরাত উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও নির্যাতন-নিপীড়নের কারণে প্রতিটি মানুষ আজ বিপন্ন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে হিংসাত্মক কর্মকাণ্ড এবং ধর্মের অপব্যাখ্যা ও অন্য ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব, যা পবিত্র ইসলাম ধর্মের সাথে কোনও ভাবেই সঙ্গতিপূর্ণ নয়।

মহিমান্বিত রাত শবে বরাতের মর্যাদা রক্ষার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন সকল প্রকার সংকীর্ণতা পরিহার করে আগামী দিনগুলোতে সহনশীল সমাজ ও সমৃদ্ধ জীবনের ভিত্তি রচনার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করি।

তিনি বলেন, শবে বরাতের মর্মবাণী উপলব্ধি করে আসুন আমরা পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও হানাহানি পরিত্যাগ করে মহান আল্লাহর দরবারে অপরাধ ও পাপমুক্তির জন্যে ক্ষমা ও দয়া কামনা করি। ব্যাষ্টিক, সামাজিক ও জাতীয় জীবনে ধর্মীয় অনুশাসন মেনে দুনিয়া ও আখেরাতের জীবনকে অর্থবহ করে তোলার অঙ্গীকার করি।