সন্ত্রাসী প্রমাণ করতে পারলে যেকোনও শাস্তি মাথা পেতে নেব: সাবেক চিফ হুইপের চ্যালেঞ্জ
সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ জাতীয় সংসদ অধিবেশনে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কটাক্ষ করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদে ‘অসত্য, অশোভন, কুরুচিপূর্ণ ভাষায় প্রশ্ন উত্থাপন, স্পিকার কর্তৃক তা গ্রহণ এবং এর উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনভিপ্রেত ও আপত্তিকর বক্তব্য’ প্রদান অনৈতিক ও সংসদীয় রীতি বহির্ভূত।
তিনি বলেন, সাবেক এমপি, চিফ হুইপ এবং আওয়ামীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলার বাদী পুলিশের এসআই বোরহান রেজার স্ত্রী ও মহিলা আসন ৩০৬ এর সাংসদ অ্যাডভোকেট বিলকিস আখতার শিরিন তাকে মহিলা এমপি করার পুরস্কারস্বরূপ সরকারকে খুশি করতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। যদিও সংসদের বাইরের কারও ব্যাপারে বক্তব্য প্রদান সংসদীয় রীতি বহির্র্ভূত।
সংবাদ সম্মেলনে আবুল হাসানাত আব্দুল্লাহ্ বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর থেকে সন্ত্রাসী হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি সন্ত্রাসী-একথা কেউ যদি প্রমাণ করতে পারে, তবে যেকোনও শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি এবং বিরোধী দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদও বক্তব্য রাখেন।
এসময় সংসদের হুইপ মির্জা আজম এমপি ছাড়াও যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ছাত্রনেতা শাহে আলম উপস্থিত ছিলেন।
