সিপিবির ডাকে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের ব্যার্থতার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকে রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
হরতালের সমর্থনে ভোর ছয়টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খানসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মিছিলটি বায়তুল মোকাররমের কাছে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ এ সময় পার্টির নেতাকর্মীদের মিছিল করতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে।
সকাল ৮টায় সিপিবি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে অপর একটি মিছিল বের করলে আবারো পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এরই এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পার্টির ঢাকা কমিটির নেতা ড. মাজেদুল হক রুবেলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ পার্টির নেতাকর্মীরা এ সময় দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন। এ সময় এক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জোট সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, দমন পীড়ন চালিয়ে অতীতে কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনি এ সরকারও পারবে না।
সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজকে বলেন, সারা দেশে নেতাকর্মীরা রাজপথে নেমে এসে আজকের হরতালকে সফল করে তুলবে।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর উত্তরা, হাজারীবাগ, ধানমন্ডি, সূত্রাপুর, তেজগাঁও, মীরপুর এবং পল্লবীতে সিপিবি নেতাকর্মীরা মিছিল করেছে।
এদিকে রাজধানীতে হরতাল শুরুর প্রাক্কালে নিত্য দিনের মত যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে যানজটও লক্ষ্য করা গেছে।
হরতাল সত্ত্বেও সরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারিরা দু’দিনের ছুটি কাটিয়ে অফিসে উপস্থিত হয়েছেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথা সময়ে ক্লাস হয়েছে। তবে রাজধানীর সকল মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে।
সরকার এ হরতালকে হলকাভাবে না নিয়ে রাজধানীতে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রায় ছয় হাজার পুলিশ ও বিডিআর মোতায়েন করে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল এই দিন হরতাল ডাকলেও অস্ট্রেলিয়ার রানী ব্যাটন মেলবোর্ন কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে বাংলাদেশের আসায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের অনুরোধে আওয়ামী লীগসহ ১৪ দল তাদের কর্মসূচি ১৮ থেকে ২১ সেপ্টেম্বরে পরিবর্তন করে।
তবে সিপিবি জরুরী কিছু সেবাসহ রানী ব্যাটনের কর্মসূচি হরতালের আওতাবিহীন বলে ঘোষণা করেছে।
