বাংলাভাইয়ের সহযোগী সন্দেহে সাভারে গ্রেফতার ৪, জিজ্ঞাসাবাদের পর মুক্তি
নিষিদ্ধ জঙ্গী সংগঠন জাগ্রত মুসলিম জনতা (জেএমবি) প্রধান বাংলাভাইয়ের সহযোগী সন্দেহে সাভার পুলিশ বৃহস্পতিবার চার জনকে গ্রেফতার করেছে।
পরে জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া, কুরিয়ার সার্ভিসে করে সারা দেশে বোমা পাঠানোর সাথে জড়িত কুরিয়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তাকেও গোয়েন্দা পুলিশ খুঁজছে।
কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, যে কোনো ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিসপত্র পাঠাতে পারে।
তিনি বলেন, যেহেতু কুরিয়ার সার্ভিসে পাঠানো বস্তু চেক/স্ক্যান করার মতো ব্যবস্থা কোনো কুরিয়ার সার্ভিসের নেই, তাই যে কোন ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে যে কোন ধরণের অপরাধ করতে পারে।
“তাই এসব কারণে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে দোষারোপ করা উচিত হবে না,” তিনি বলেন।
অন্যদিকে, র্যাব লিগ্যাল এবং মিডিয়া উইং এর পরিচালক মাসুক হাসান আহমেদ বিডিনিউজকে বলেন, কুরিয়ার সার্ভিসে দেশব্যাপী ৫০০ তৈরি বোমা পাঠানোর ব্যাপারটি অবাস্তব।
“তবে কয়েকটি ধাপে এসব বোমা পাঠানো সম্ভব”-বলে তিনি মত প্রকাশ করেন।
গত বুধবার আটক জেএমবি সদস্য শহীদুল্লাহ ওরফে লোকমান ডিবি পুলিশকে জানায় যে বাসাবোর যে বাসায় বোমাগুলো তৈরী করা হয়েছিলো সেখান থেকেই কুরিয়ার সার্ভিসে সারা দেশে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার নড়াইল, কিশোরগঞ্জ এবং জয়পুরহাট থেকে আরও তিন ব্যক্তিকে জঙ্গী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ নড়াইল প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলা থেকে আহলে হাদিস আন্দোলনে সদস্য রসুল বাচ্চু (৪৫) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাটে আহলে হাদিস আন্দোলনের প্রচার সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করেছে তারা।
