২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল সফল করে জোটকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে: আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২১ সেপ্টেম্বরের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করে বিএনপি জামাত জোট সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ঢাকার মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ব্যর্থ অত্যাচারী বোমাবাজ জোট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের সরকার গঠন করা হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ বিশাল সমাবেশে প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিএনপি জামাত জোট সরকার গ্রেনেড ও বোমা হামলার জন্যে দায়ী। তাই তারা প্রকৃত অপরাধীদের আড়াল করছে। দেশের মানুষ তাদের বাংলার মাটি থেকে উৎখাত করবে।

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে উল্লেখ করে তিনি বলেন, জোট সরকার দুর্নীতি করে অর্থ সম্পদের পাহাড় গড়ছে। আর জনগণ না খেয়ে মরছে। ওদের অত্যাচারের সকল সীমা ছাড়িয়ে গেছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুকুল বোস, অ্যাডভোকেট সাহারা খাতুন, হাবিবুর রহমান, আলহাজ্ব মকবুল হোসেন, কামাল আহমেদ মজুমদার এবং সাইদ খোকন বক্তব্য রাখেন।