২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েসডে গ্রুপের সংবাদ সম্মেলন স্থগিত

পশ্চিমা কূটনৈতিকদের অনানুষ্ঠানিক প্লাটফর্ম ‘টুয়েসডে গ্রুপ’ বুধবারের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। নির্বাচনী সফলতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ব্যাপারে বড় ধরনের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কানাডার হাই কমিশনার ডেভিড স্প্রাউল এবং নরওয়ের রাষ্ট্রদূত অদ লিজে নর্ডহেইম’র এ সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা ছিল।

তবে সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। বুধবার বেশ কয়েকজন কূটনৈতিকের সাথে এ ব্যাপারে যোগাযোগে করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

দেশে ও দেশের বাইরের মানুষের কাছে যাতে নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতার উদ্দেশ্যে টুয়েসডে গ্রুপ একটি নকসা তৈরি করেছিল। কিন্তু এ কাজ করতে গিয়ে তারা সরকারের বিরাগভাজন হয়েছে। বুধবার দুপুর একটায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে টুয়েসডে গ্রুপ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, কূটনৈতিকরা সিবিএ এজেন্টের মতো আচরণ করছে। সরকারের অনেকেই কূটনৈতিকদের এ সহায়তার ব্যাপারটিকে আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।

এর আগে টুয়েসডে গ্রুপের পক্ষে কানাডার হাই কমিশনার বলেছিলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা তাদের নেই। নির্বাচন কমিশন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে তারা নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়ে টুয়েসডে গ্রুপ গঠিত। এছাড়াও ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরও এ গ্রুপে রয়েছেন।