২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যর্থতায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে: বিরোধী দল

সরকার জঙ্গি ও চরমপন্থিদের গ্রেপ্তারের পরিবর্তে তাদের মদদ দেয়ায় জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা মঙ্গলবার এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

চার মাসেরও বেশি সময় পর মঙ্গলবার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্রশ্নবানে জর্জরিত করেন।

বৈঠক সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে মন্ত্রণালয়ের দাখিলকৃত প্রতিবেদনটি পত্যাখ্যান করে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম ও শেখ হেলাল উদ্দিন বলেন, সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তের নামে প্রহসন চালিয়ে যাচ্ছে।

তারা আবারও ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবির পাশাপাশি এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

অন্যদিকে, বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ব্যাপারে তদন্ত চলছে। তিনি বলেন তদন্তের মাধ্যমে দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

কমিটির সভাপতি শাহজাহান মিযার সভাপতিত্বে সভার শুরুতে মোহাম্মদ নাসিম বলেন, কার্য প্রণালী বিধি অনুযায়ী প্রতিমাসে স্থায়ী কমিটির অন্ততঃ একটি সভা অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক।

তিনি বলেন, কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ এপ্রিল।

নাসিম আরও বলেন, ২১ আগস্টের প্রথম বার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে বক্তব্য দিতে যান। কিন্তু সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় নি। ওই সময়ে ইউনিফর্ম ও সাদা পোষাক, অন্তঃ বেষ্টনি, বহিঃ বেষ্টনি কিংবা ব্যক্তি নিরাপত্তার কোনও বলয় ছিলো না।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ২১ আাগস্ট গ্রেনেড হামলার জন্য জর্জ মিয়া ও মুকুল নামে পেশাদার খুনিদের দোষারোপ করছে। কিন্তু তথাকথিত ওই প্রতিবেদনে হামলায় লাভবান হবে কারা সে ব্যাপারে কিছু বলা হয় নি।

তিনি বলেন, কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এ ধরণের হামলা সংগঠিত হতে পারে না। এই হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ম্যাধমে ক্ষমতায় থাকার রাস্তা পাকাপাকি করা।

তিনি বলেন, সরকার গ্রেনেড হামলার জন্য শাস্তিসরূপ কোনও কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নি।

গ্রেনেড হামলার সময় সাধারণ মানুষ দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছ, আওয়ামী লীগ নেতা কর্মীরা গাড়ী ভাংচুর করে। প্রকৃতপক্ষে সেখানে কোনও গাড়ি ছিল না। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিরোধী দলীয় সাংসদরা বলেন, এ সকল ঘটনা প্রমাণ করে যে সরকার অপরাধীদের রক্ষা করতে চাইছে।

নাসিম বলেন, হামলার এক বছর পার হয়ে গেলেও সরকার তদন্ত তদন্ত খেলা চালিয়ে যাচ্ছে। বিচারক জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সে প্রতিবেদন এখনও জনসম্মুখে উপস্থাপন করা হয় নি। তিনি প্রতিবেদন প্রকাশের দাবি জানালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।

নাসিমের অভিযোগ খন্ডন করতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ২১ আগস্ট গ্রেনেড হামলা তদন্তের জন্য ইন্টারপোল এফবিআই বাংলাদেশে এসেছে। তারা তাদের মতামত দিয়েছে।

অন্যদিকে নাসিম আরও বলেন, ইন্টারপোল ও এফবিআই বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারে নি বলে জানিয়েছে।

বর্তমান সরকারের তদন্তে আমাদের কোনও আস্থা নেই। আমরা আন্তর্জাতিক তদন্ত চাই। এ ব্যাপারে রাজি হলে স্থায়ী কমিটির সভায় তাদের কর্ম পরিধি ঠিক করা যাবে।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হলে শাহ এএমএস কিবরিয়ার জীবন দিতে হতো না।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আরও বড় হামলা হতে পারে। তাহলে সরকার থাকার দরকার কী? নাসিম বলেন, একসময় সরকার দাবি করেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু এখন তারা তাকে ধরিয়ে দেয়ার জন্যে পুরস্কার ঘোষণা করেছে।

তিনি বলেন, সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে দেশের মধ্যে এই জঙ্গি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। ১৭ আগস্টের ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।

বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাংবাদিকদের বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য মো. মজিবর রহমান সরোয়ার, মো. মিজানুর রহমান মিনু, আতাউর রহমান খান, এএম রিয়াছাত আলী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।