জামাত এমপির মৃত্যুতে সংসদ অধিবেশন মুলতবি
দিনাজপুর থেকে নির্বাচিত জামাত এমপি মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফির মৃত্যুতে সোমবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের দিনের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
দিনাজপুর-১ আসন থেকে নির্বাচিত কাফি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
বিকাল ৫ টা ১২ মিনিটে অধিবেশন শুরু হওয়ার পর তার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
শোক প্রস্তাবে স্পিকার ব্যারিস্টর জমিরউদ্দিন সরকার মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন।
তিনি বলেন, আবদুল্লাহ আল কাফির মৃত্যুতে দেশ একজন শিক্ষাবিদ, রাজনীতিক এবং একজন সমাজকর্মীকে হারালো।
তার মৃত্যুতে সংসদে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নিহত সাংসদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া মহান আল্লাহর কাছে নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর নেতৃত্বে বিশেষ প্রার্থনা করা হয়।
পরে এ ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সংসদ সদস্য আব্দুস সোবহান, শাহ রুহুল কদ্দুস এবং জাতীয় পার্টির এমপি মজিবর রহমান অংশগ্রহণ করেন।
২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে নির্বাচিত কাফি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তিনি ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
