দেশজুড়ে বোমা হামলার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন
১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সোমবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
রাজধানীর বাইরে জেলা সদরগুলোতে আওয়ামীগ অবস্থান কর্মসূচি পালন করে।
নগরীতে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সদর ঘাট থেকে শুরু করে ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘর পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ মানববন্ধন রচনা করে। বিকেল সাড়ে চারটায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্যানার হাতে বিভিন্ন স্থান থেকে আগত দলের কর্মী ও সর্মথকরা দুপুর থেকেই নির্ধারিত স্থানে সমবেত হতে শুরু করে।
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক এমপি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী মায়া, যুব লীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি বিভিন্ন পয়েন্টে মানবন্ধনে যোগ দেন।
গোলাপ শাহ মাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ হানিফ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার নিজেই সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। কিন্তু জনগণ সকল ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরবে।
