২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রতিবাদ কর্মসূচি পালন করবে প্রবাসী বাংলাদেশীদের কতিপয় সংগঠন

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের বিরোধী দলীয়পন্থী ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এমন কমপক্ষে ২০ টি সংগঠন ১৪-১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিউইয়র্ক সফরকালে প্রতিবাদ সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

নিউইয়র্কের এ্যাস্টোরিয়ায় শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওইসব সংগঠনের নেতৃবৃন্দ এ কথা বলেন।

সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিতাংশু গুহ বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ থেকে জাতীয়তাবাদী ইসলামী দেশে পরিণত করার জন্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করার কারণে তারা খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ (বাংলাদেশ আওয়ামী লীগ, যুক্তরাষ্ট), সৈয়দ এম. উল্লাহ (ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ডেমক্রেটিক এন্ড সেক্যুলার বাংলাদেশ), প্রদীপ কর, ড. মহসীন আলী, সুব্রত বিশ্বাস, এম. আলী সিদ্দিকী, এডভোকেট সালাম এবং চন্দন দত্ত।

বক্তারা বলেন, ইসলামীকরণের বিরোধীতা করায় বাংলাদেশে এখন অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক শক্তি হয়রাণির শিকার হচ্ছে। এছাড়াও সংখ্যালঘুদের উপর চলছে চরম নির্যাতন। তারা সন্দেহভাজন অপরাধিদের বিচার বহির্ভুত হত্যারও নিন্দা করেন।

১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন জাতিসংঘে ভাষণ দেবেন তখন সেপ্টেম্বরের ইউএন প্লাজার বিপরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের ১৫ তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যখন প্রবাসী বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন, সে সময় অপর প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে। ১৬ তারিখে ক্লিনটন ইনিশিয়েটিভ মিটিং ভেন্যুতে যেখানে সন্ধ্যায় খালেদা জিয়া আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন সেখানে সর্বশেষ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে হোটেলে থাকবেন সেই গ্রান্ড হায়েট হোটেলের সামনেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে।