ত্রি-দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্পের বিরোধিতা করতে বাংলাদেশের প্রতি আরাকানীদের আহ্বান
মায়ানমারে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামকে বাধাগ্রস্ত করতে পারে এই আশংকায় আরাকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) শনিবার বাংলাদেশের জনগণের প্রতি প্রস্তাবিত ত্রি-দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে।
সামরিক জান্তা কর্তৃক নির্বাসিত মায়ানমারের রাজনৈতিক গ্রুপ এএনসি এ ব্যাপারে বাংলাদেশ ও ভারতের সরকার এবং সংশ্লিষ্ট কোম্পানীসমূহের কাছে আপাতত প্রকল্প বন্ধ রাখতে এবং মায়ানমারে গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে।
নগরীর তোপখানা রোডে বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে তেল-গ্যাস লুণ্ঠন প্রতিরোধ ছাত্র-যুব আন্দোলন এবং মায়ানমারের শোয়ে গ্যাস মুভমেন্ট’র যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশে এএনসি’র পরিচালক ক্য ম্রা ছা প্রস্তাবিত ত্রি-দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্পের বিপক্ষে তাদের ব্যাখ্যা তুলে ধরেন।
দৈনিক দেশবাংলার সম্পাদক ফেরদৌস আহমেদ কোরেশী সভায় সভাপতিত্ব করেন। তেল-গ্যাস লুণ্ঠন প্রতিরোধ ছাত্র-যুব আন্দোলন’র সমন্বয়ক কামরুল আলম সবুজ সভা পরিচালনা করেন। বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তাগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
