তারিখ পরিবর্তনের কোনও যুক্তি নেই, আমরা ১৮ সেপ্টেম্বরেই হরতাল করবো: সিপিবি
‘চৌদ্দ দল’ থেকে সরে আসা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হরতালের তারিখ পরিবর্তন করায় আওয়ামী লীগসহ ১৪ দলের কঠোর সমালোচনা করেছে।
দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শনিবার বিডিনিউজকে জানান, হরতালের তারিখ পরিবর্তনের কোনও যুক্তি নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালের তারিখ পরিবর্তনের মতো এমন কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা আগের সিদ্ধান্তেই আছি। ১৮ তারিখেই আমরা হরতাল করবো। আমাদের প্রচারের কাজও চলছে। আশা করবো, আওয়ামী লীগসহ ওই দলগুলোও (তার ভাষায় ৯ দল) তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসবে।
সেলিম বলেন, হরতালের তারিখ পরিবর্তন কোনও ছেলেখেলার বিষয় নয়। সিপিবি বিষয়টিকে এতো হাল্কাভাবে দেখে না। আর তারিখ পরিবর্তনের ফলে আন্দোলনের ক্ষতি হয়।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম হরতাল আরও আগে হোক। আজ (শনিবার) সিপিবি’র পক্ষ থেকে এ তারিখ যেন পরিবর্তন না হয়, সেজন্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিকে বলেও দেওয়া হয়েছিলো। তখন ১৫ সেপ্টেম্বর হরতালের কথা বলেছিলেন তিনি। কিন্তু পরে তা আবার পরিবর্তন করা হলো। তারা এটি ঠিক করেননি বলে মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে রোববার সিপিবি’র জরুরি সভা আহ্বান করা হয়েছে। তবে ওই সভা থেকে হরতালের তারিখ পরিবর্তন হবে কিনা, প্রশ্ন করা হলে সিপিবি সম্পাদক বলেন ‘মনে হয়না’।
আওয়ামী লীগসহ ১৪ দল শনিবার জরুরি বৈঠকে বসে ১৮ তারিখের বদলে ২১ সেপ্টেম্বর হরতালের সিদ্ধান্ত নেয়।
