মহিলা আসন: বাকি ৯ আসনের নির্বাচনী তফসিল আগামী সপ্তাহে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ দেশে ফেরার পর জাতীয় সংসদের বাকি নয়টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে অংশ না নেওয়ায় এ আসনগুলো শূন্য রয়েছে।
বিচারপতি এমএ আজিজ এক সপ্তাহের সফরে ৮ সেপ্টেম্বর জাপানে গিয়েছেন। সেখানের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শেষে ১৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতীয় সংসদের ৪৫টি আসনের মধ্যে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতাসীন চার দলের ৩৬ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি নয়টি আসন আওয়ামী লীগের জন্য সংরক্ষিত ছিল।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) আইন অনুযায়ী, প্রথম পর্বের নির্বাচনের গেজেট রিটার্নিং অফিসার কর্তৃক প্রকাশের ২১ কার্য দিবসের মধ্যে অমিমাংসিত আসনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
প্রথম পর্বের নির্বাচনী গেজেট প্রকাশিত হয়েছে ৪ সেপ্টেম্বর। সে হিসেবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সিইসি দেশে ফেরার পর চলতি মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ মহিলা আসন না নেওয়ায় আইন অনুযায়ী নয়টি আসন প্রধান ক্ষমতাসীন দলের ভাগে যাবে। সে হিসেবে বিএনপি’র আরও নয় নেত্রী সংসদ সদস্য হবেন।
প্রথম পর্বের মনোনয়ন বঞ্চিত নারী নেত্রীরা এই নয়টি আসনে মনোনয়ন পাওয়ার জন্য দৌঁড়-ঝাপ অব্যাহত রেখেছেন।
