২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের বর্জনের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সাংসদ নিয়ে বৃহস্পতিবার থেকে অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বৃহস্পতিবার নবনির্বাচিত ৩৬ জন মহিলা সাংসদ সংসদের অধিবেশনে যোগ দিলে বর্তমান সংসদের আসন সংখ্যা ৩৩৬ জনে দাঁড়ায়। বর্তমান সংসদে আর কোনো শূন্য আসন নেই। এর আগে সংসদে সর্বোচ্চ ৩৩০টি আসন ছিল।

তবে বৃহস্পতিবার শুরু হওয়া সংসদের অধিবেশনে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা যোগ দেননি। চলতি বছরের প্রথম অধিবেশন থেকেই তারা সংসদ বর্জন করে আসছেন।

তবে বিধি মোতাবেক সদস্য পদ রক্ষা করতে আওয়ামী লীগের সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজ কয়েক মিনিটের জন্যে সংসদে যোগ দিয়ে বেরিয়ে যান। এর আগে তিনি সংসদ লবিতে রক্ষিত হাজিরা খাতায় তার স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের চলতি অধিবেশন ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ কার্যদিবস পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের শুরুতেই স্পিকার পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। এতে বিএনপির ব্যারিস্টার জিয়াউর রহমান খান, শামসুল আলম প্রামাণিক এবং অধ্যাপক শহীদুল ইসলাম, আওয়ামী লীগের মির্জা আযম এবং জামায়াতে ইসলামীর শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসকে মনোনীত করা হয়।

পরে স্পিকার প্রয়াত সৌদি বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজসহ বাংলাদেশের সাত জন সাবেক সাংসদ এবং জাতীয় পরিষদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপণ করা হয়। পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই স্পিকার নবনির্বাচিত মহিলা সাংসদদের সংসদে পরিচিত করিয়ে দেন। তাদের পক্ষে খুলনার মহিলা সাংসদ রাবেয়া চৌধুরী সংসদে বক্তব্য রাখেন।

প্রশ্নোত্তর পর্বে প্রায় অর্ধেক মহিলা সাংসদ প্রথমবারের মতো সংসদে কথা বলার সুযোগ পান। এসময় বিএনপির মহিলা সাংসদ তাসমিন রানা সাবেক স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার ভূমিকা তুলে ধরে বক্তব্য শুরু করেন। তবে এতে বাধ সাধেন জাতীয় পার্টির নবনির্বাচিত মহিলা সাংসদ সৈয়দা রাজিয়া ফয়েজ।

রাজিয়া ফয়েজের আপত্তির মুখে স্পিকার তাসমিন রানার বক্তব্যের অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে সংসদে তার বক্তব্য তুলে ধরেন।

সংসদের অধিবেশন রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।