২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একমুখী’ শিক্ষা প্রবর্তনের প্রতিবাদে মতামত চেয়েছে আওয়ামী লীগ, শনিবার গোলটেবিল আলোচনা

নির্বাহী আদেশে ‘একমুখী’ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

মতামতের ভিত্তিতে একটি সুচিন্তিত অভিমত গঠনের লক্ষ্যে দলের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন কমিটি ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনা আয়োজন করবে।

দলীয় সূত্র জানিয়েছে, জোট সরকার মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, কলা, বাণিজ্য প্রভৃতি বিভাগ তুলে দিয়ে সকল ছাত্র ছাত্রীর জন্যে একই বিষয়গুচ্ছ পড়ার ব্যবস্থা (একমুখী শিক্ষা) আগামী বছরের জানুয়ারি থেকে চালু করতে যাচ্ছে।

শিক্ষক, অভিভাবক, ছাত্র, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ও মতামত গ্রহণ এবং ন্যূনতম কোনো প্রস্তুতি গ্রহণ ছাড়াই আকস্মিকভাবে এ সিদ্ধান্ত সকল মহলেই বিস্ময়ের সৃষ্টি করেছে।

এ ব্যাপারে শিক্ষানুরাগী সংশ্লিষ্ট সকলকে মতামত পাঠানোর জন্যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মতামত পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়, বাড়ি ৫১/এ, সড়ক ৩/এ, ধানমণ্ডি, ঢাকা ১২০৯।