২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে কালো দিবস পালন করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ

বিরোধী দলীয় আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) ২০০৩ সালে আইনজীবীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে মঙ্গলবার কালো দিবস পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসএএসপি নেতারা বলেন, সরকার ক্রসফায়ারের নামে একের পর এক বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করছে, কিন্তু বোমা হামলাকারী ও জঙ্গিরা নিরাপদ স্বর্গে বাস করছে।

সমাবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি অ্যাড. মাহবুবে আলম বলেন, সন্ত্রাস দমনের নামে সরকার ক্রসফায়ার কালচার চালু করেছে। তারা তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে শুধু আইনজীবীদের ওপরই নয়, বিভিন্ন পেশার মানুষের ওপরও হামলা চালাচ্ছে।

এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাড. এম এনায়েতুর রহমান বলেন, আমরা এখন অন্ধকার যুগে বাস করছি। সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে। কালো দিনের ভিতর থেকে আলোতে ফিরে আসার লক্ষ্যে সরকারের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর সগির আহমেদের নেতৃত্বে বিএনপি’র একদল সন্ত্রাসী ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে এসএএসপি আয়োজিত আইনজীবীদের মানববন্ধনের ওপর হামলা চালায়। ওই হামলা কমপক্ষে কয়েকজন সাংবাদিকসহ ১০০ আইনজীবী আহত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যালয় ভাংচুর চালানো হয়।

অ্যাড. এনায়েতুর রহমান বিডিনিউজকে বলেন, ১৯৭৫ সালের সামরিক সরকার ও পঞ্চম সংশোধনীকে হাইকোর্টের যুগান্তকারী রায়ের কারণে বিচারপতির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। সিরিজ বোমা হামলার তদন্তে সরকার ব্যর্থ হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে তারা কালো দিবস পালন করেছেন।

তিনি বলেন, এসএএসপি’র ব্যানারে সারাদেশে আইনজীবীরা এ কর্মসূচি পালন করেছে।

এসএএসপি আহ্বায়ক ব্যারিস্টার এম আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাবেক এসসিবিএ সভাপতি অ্যাড. আব্দুল বাসেত মজুমদার, অ্যাড. ওজায়ের ফারুক, এসএএসপি সদস্য সচিব অ্যাড. সুব্রত চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।