২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণে সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

টাঙ্গাইলে গ্রেপ্তারকৃত জেএমবি ক্যাডার দেলোয়ার হোসেন ওরফে রহমতউল্লাহ গত ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মঙ্গলবার টাঙ্গাইলের প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের কাছে এ জবানবন্দি প্রদান করে।

বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দেওয়া ঘন্টাব্যাপি জবানবন্দিতে দেলোয়ার হোসেন জানান, জেএমবি’র দেলদুয়ার প্রশিক্ষণ ক্যাম্পে সে প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া কালিহাতি, বাসাইল ও দেলদুয়ারের জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নাম উল্লেখ করে সে। জবানবন্দি প্রদান শেষে দেলোয়ারকে জেল হাজতে পাঠানো হয়।

দেলোয়ারের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায়। সেখানে তার নামে বেশ কয়েকটি মামলা আছে। বিভিন্ন সময়ে সে রহমতউল্লাহ, মওলানা সামাদসহ বিভিন্ন ছদ্মনাম ধারণ করে টাঙ্গাইলে জঙ্গি তৎপরতা চালাতো।

এদিকে, জেএমবির ক্যাডার সন্দেহে পুলিশ সোমবার রাতে ধলাপাড়া কওমী মাদ্রাসার ৩ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে ওসমান গনি শামীম (২০), আসাদুল ইসলাম আজাদ (২২) ও ওবায়দুল্লাহ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।