২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য গোপনের প্রবণতা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে-সংবাদ সম্মেলনে বক্তারা

স্বচ্ছতাকে গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, তথ্য গোপন করার প্রবণতা বর্তমানে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা আমাদেরকে জাতিগতভাবে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

তারা বলেন, এটি গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের প্রদত্ত তথ্য বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

সুজনের আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সুজনের সদস্য-সচিব ড. বদিউল আলম মজুমদার ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ সম্প্রতি সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের দেয়া তথ্যের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা গত ২৪ মে প্রদত্ত হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, হাইকোর্টের ঐ রায়টি সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, আমাদের দেশের উন্নয়ন সন্ত্রাস, কালোটাকা ও দুর্নীতির জন্য গতি পাচ্ছে না। এজন্য প্রয়োজন সুশাসন তথা আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য চাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। গণতন্ত্রের পূর্বশর্ত হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের তথ্যের যে ছকটি পূরণ করে দেয়া হয়েছে তা অস্পষ্ট, অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন, কোর্টের রায় অনুযায়ী হলফনামার কপিই গণমাধ্যমে সরবরাহ করা উচিত ছিল, কিন্তু সেগুলো নির্বাচন কমিশন দিচ্ছে না। ফলে যে মহান উদ্দেশ্য নিয়ে হাইকোর্ট এ রায় দিয়েছেন তা সাধিত হচ্ছে না।