‘জঙ্গি নেই’, ‘আছে’ প্রসঙ্গে শেখ হাসিনা
দেশে ‘জঙ্গি নেই’, ‘জঙ্গি আছে’-জোট সরকারের ‘পরস্পর বিরোধী’ এ বক্তব্য প্রসঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মিথ্যাকে ঢাকতে সরকার এখন একের পর এক মিথ্যার আশ্রয় নিচ্ছে। সঠিক সত্য কথা বলতে পারছে না। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে তারা।
মঙ্গলবার সুধাসদনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা আগে থেকেই দেশে জঙ্গিদের তৎপরতার কথা বলে আসছিলাম। কিন্তু সরকার তখন অস্বীকার করতো। আসলে সরকার নিজেই জড়িত বলে সঠিক কথাটি বলতে পারছে না।
গত ১৭ আগষ্টের দেশজুড়ে একযোগে বোমা হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের মদদ ছাড়া, হাওয়া ভবনের পরিকল্পনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। তাই তারা একেক জন একেক সময় একেক কথা বলছে।
তিনি বলেন, নিজেরা জড়িত বলে সরকার আগে স্বীকার করেনি যে দেশে জঙ্গি তৎপরতা রয়েছে। কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে, আমাদের অভিযোগ সঠিক। তাই তারা সত্যকে ঢাকতে এখন এলোমেলো কথা বলছে।
