২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদেও যে বোমা হামলা হবে না, এ গ্যারান্টি কোথায়: হাসিনা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদের আগামী অধিবেশনেও যোগ দিচ্ছে না। অষ্টম জাতীয় সংসদের ১৮ তম অধিবেশন আগামী বৃস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 01:18 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংসদেও যে বোমা ফুটবে না, আমাকে হত্যা করা হবে না, এ গ্যারান্টি কোথায়?

মঙ্গলবার সকালে সুধাসদনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘অর্থমন্ত্রী সাইফুর রহমান তো বলে দিয়েছেন, ভারতের পার্লামেন্টে বোমা ফুটেছে। কিন্তু আমাদের পার্লামেন্টে তো এখনও পড়ে নি’!

তিনি বলেন, অর্থমন্ত্রীর কথায় বোঝা যায়, আমাদের পার্লামেন্টেও বোমা পড়তে পারে। দেশের সব জায়গাতেই বোমা মারা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে সংসদ ভবন। আগামীতে সেখানেও বোমা মারা পরিকল্পনা ওদের রয়েছে। তাছাড়া, সংসদের মধ্যেই তো বসে রয়েছে সরকারি দলের ১১১ জন সন্ত্রাসী গডফাদার ও খুনের আসামি।

বিরোধী দলীয় নেতা প্রশ্ন রেখে বলেন, ‘তাই এ অবস্থায় সংসদ অধিবেশনে আমাদের এমপিদের পাঠাই কিভাবে? সংসদের ভেতরে আমিও তো বোমা হামলায় মরতে পারি!’

আওয়ামী লীগ গত ৩১ জানুয়ারি সংসদের ১৫ তম অধিবেশনে ওয়াক আউট করার পর থেকে টানা সংসদ বর্জন করে আসছে।