জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে মঙ্গলবার ১২ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান
ফরিদপুর পরিবহন মালিক সমন্বয় পরিষদ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ভোর ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ১২ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।
রোববার সমন্বয় পরিষদের এক সভায় ধর্মঘটের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাস, ট্রাক, মাইক্রোবাস, কার ও টেম্পো মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের নেতা শাহ আলম জানান, জ্বালানি তেল, টায়ার ও যন্ত্রাংশের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে পরিবহন মালিকরা দিশেহারা, তাদের ব্যাবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তিনি অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে রোববার থেকে ফরিদপুরের পেট্রোল পাম্পগুলোতে বর্ধিত মূল্যে তেল বিক্রি হচ্ছে। তবে তেলের সরবরাহের ক্ষেত্রে কোন সংকট নেই বলে পাম্প সূত্রে জানা গেছে।
