ফরিদপুর-১ আসনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার সংসদ ভবনে তার কার্যালয়ে ২০৯ ফরিদপুর-১ আসনের উপ-নির্বাচনে চারদলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে শপথ বাক্য পাঠ করান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হুইপ মো. আশরাফ হোসেন, আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলম, হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, নবনির্বাচিত সংসদ সদস্যের পরিবারের সদস্যবর্গ ও স্থানীয় জোট নেতারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আবু নকি রেজওয়ানুল হক।
শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
