২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের আবারও মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপের সামিল : আওয়ামী লীগ

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রোববার এক বিবৃতিতে বলেন, ইতোপূর্বে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতেই কৃষকের অবস্থা কাহিল হয়েছে। পুনরায় এর মূল্য বৃদ্ধি মানে কৃষক ও নিম্ন আয়ের মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সামিল।

তিনি বলেন, গত চার বছরে সারের দাম দেড় থেকে দু’গুণ বৃদ্ধি করা হয়েছে। সার, কীটনাশক, ডিজেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কৃষি উপকরণের ব্যয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দ্রব্যমূল্য, আইন শৃংখলা পরিস্থিতিসহ দেশের কোনো কিছুর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

আব্দুল জলিল বলেন, যে সরকার দ্রব্যমূল্য, আইন শৃংখলা নিয়ন্ত্রণ করতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জোট সরকারের দুঃশাসনে দেশে শুধু দ্রব্যমূল্যই বাড়েনি। মানুষের কর্মসংস্থান ও আয় বাড়েনি। বরং দৈনন্দিন জীবন যাত্রার ব্যয়ভার হু হু করে বেড়েই চলেছে। ফলে দেশের মানুষ সীমাহীন দুঃখ কষ্টে পড়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার ভাষায় ব্যর্থ, অযোগ্য ও লুটেরা সরকারের অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে গড়ে তুলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।