২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ড. কামালের বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন কৌশল নিয়ে আলোচনা

গনফোরাম সভাপতি ড. কামাল হোসেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সরকারবিরোধী চলমান ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে নেওয়ার ব্যাপারে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সুধাসদনে শনিবার রাত সাড়ে সাতটা থেকে দেড় ঘন্টার এ বৈঠকে তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিডিনিউজকে জানিয়েছেন।   

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সরকার উগ্র মৌলবাদি ও সশস্ত্র জঙ্গি সাম্প্রদায়িক সন্ত্রাসীদের সরাসরি মদদ দিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তারা একের পর এক বোমা ও গ্রেনেড হামলা চালাচ্ছে। অথচ এ সকল সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। অন্যদিকে বিরোধী দলের ওপর চলছে অত্যাচার নির্যাতন।

তারা বলেন, দেশে আজ আইনের শাসন নেই। মানুষ বিচার পাচ্ছে না। জাতীয় সংসদকেও সরকার অকার্যকর করেছে। জাতি আজ গভীর সংকটে। জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে।

বৈঠকে সরকারের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে বিরোধী দলের ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়।

শেখ সেলিম ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।