বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে হাজার হাজার মানুষের শোভাযাত্রা
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা ছাড়াও দলের হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।
সকাল থেকেই দলের কর্মী-সমর্থকরা রং বেরংয়ের ফেস্টুন, প্লেকার্ড এবং ব্যানার নিয়ে নগরীর বিভিন্ন রাস্তায় জড়ো হয়। এসময় তারা দেশাত্মবোধক গান ও ড্রাম বাজানোর পাশাপাশি বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে এগিয়ে যেতে থাকে।
দলের মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাবরেটরিতে এসে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানও মিছিলে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে মান্নান ভুঁইয়া অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠার জন্যে এবং গণমাধ্যম ও বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নিন্দা করেন।
তিনি আরও বলেন, বিএনপিই জনগণকে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে। আর এ জন্যেই জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী বলেন, এ বিপুল জনসমাগম প্রমাণ করে, বিএনপি ব্যাপক জনপ্রিয় এবং বড় রাজনৈতিক দল।
মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, তরিকুল ইসলাম, সেলিমা রহমান, লুৎফুজ্জামান বাবর, আমানুল্লাহ আমান, মোসাদ্দেক আলী ফালু, রেজাউল করিম, আব্দুস সালাম প্রমুখ অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য এ শোভাযাত্রার মধ্য দিয়ে শনিবার বিএনপির তিনদিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শেষ হয়েছে।
অন্যদিকে জাসাস আয়োজিত তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে রোববার।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের রাজনীতিতে নতুন মাত্রা সংযোজনের উদ্দেশ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন।
