ব্যর্থতা নিয়ে পদত্যাগ অথবা গ্রেনেড ও বোমা হামলার দায় স্বীকার করতে হবে সরকারকে : আমু
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেছেন, সরকারকে মানুষের নিরাপত্তা বিধান ও দেশ পরিচালনায় ব্যর্থতা স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় গত ১৭ আগষ্টসহ সকল বোমা ও গ্রেনেড হামলার দায়ভার নিতে হবে তাদের। এর কোনটি গ্রহণ করবে তার সিদ্ধান্ত জানাতে হবে সরকারকে।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকারের যোগসাজস ও মদদ ছাড়া ২১ আগষ্ট ও ১৭ আগষ্টের মতো গ্রেনেড ও বোমা হামলার ঘটনা পারে না।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আমু বলেন, দেশের জনগণের প্রতি সরকারের অবহেলা আর সহ্য করা হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি বাস্তবায়ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
গত বছরের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ সেন্টু স্মরণে শহীদ সেন্টু স্মৃতি ফাউণ্ডেশন আয়োজিত এ আলোচনা সভায় বক্তৃতায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়ে দেশকে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছেন। নির্বাচনে ওদের সমর্থন আদায়ের জন্যেই গ্রেনেড ও বোমা হামলাকারি খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না।
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট সরকারের পতন ঘটাতে আসুন আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুত হই।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমান, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক ছাত্রনেতা শাহ্ আলম ও ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার বক্তব্য রাখেন।
