শেখ হাসিনার সঙ্গে মানবাধিকার নেতা শ্লন’র সাক্ষাত
কানাডার মানবাধিকার নেতা ও আইনজীবী উইলিয়াম শ্লন শনিবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুৃধাসদনে সাক্ষাত করেছেন।
এসময় তারা মানবাধিকার, আইন শৃংখলা, সাম্প্রদায়িক শক্তির উত্থানসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শ্লন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বিডিনিউজকে জানান, শ্লন বাংলাদেশের মানবাধিকারসহ পুরো পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। এছাড়া, গত বছরের ২১ আগষ্টসহ বিভিন্ন স্থানে সংগঠিত গ্রেনেড ও বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারেও জানতে চান তিনি।
সামরিক শাসন বিষয়ে সম্প্রতি হাই কোর্টের দেওয়া রায় এবং এর দু’দিন পরে বিচারককে এজলাস থেকে নামিয়ে গোয়েন্দা সংস্থার লোকজনের জিজ্ঞাসাবাদের বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।
এর আগে বিগত ২০০২ সালে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখনকার চেয়ে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বলে শ্লন উল্লেখ করেন।
সাবের হোসেন চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি ও আব্দুস সোবহান গোলাপ বৈঠকে উপস্থিত ছিলেন।
