সংসদে নারী আসনে ৩৬ প্রার্থীকে শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে
নির্বাচন কমিশন শনিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৩৬ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দু’একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে।
সংরক্ষিত ৪৫টি নারী আসনের জন্য ক্ষমতাসীন জোটের তিনটি দল ও জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জন্য বরাদ্দ ৩৬টি আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন।
আসনগুলোর মধ্যে বিএনপি ৩০টি, জামায়াতে ইসলামী তিনটি, জাতীয় পার্টি (এরশাদ) দুটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি একটি আসনে মনোনয়নপত্র দাখিল করে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউ তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় এরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
এদিকে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন কমিশন আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনের পর তাদের জন্য বরাদ্দ নয়টি আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুনরায় তফসিল ঘোষণা করবে।
তবে বড় দল হিসেবে আওয়ামী লীগের নয়টি আসনই পাবে বিএনপি।
