জাবিতে ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় ছাত্র ইউনিয়ন নেতাসহ পাঁচজন আহত, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে বৃহস্পতিবার গভীর রাতে ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রকিবুল আলম রুশোকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে মারত্মক জখম করেছে। এসময় সন্ত্রাসীরা একটি কক্ষ ভাংচুর এবং আরও চারজন ছাত্রকে আহত করে। ঘটনার তদন্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
রাত দুইটার সময় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আশিষের নেতৃত্বে সাগর, সুমন, মারুফ ও স্বপ্নীলসহ ১০/১২জন বহিরাগত ছুরি, রড়, হকিস্টিক ও হাতুড়িসহ ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সালাম বরকত হলের ৪৪৮ নং কক্ষে রুশোর ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের উপর্যপুরি আঘাতে রুশো জখম হলে তার দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। মুমুর্ষ অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এঘটনায় আজাদ, শাত-ইল কবীর, সুমিত কুমার চন্দ্র ও আশরাফুল আলম নামে আরও চার ছাত্র আহত হয়।
রুশো বর্তমানে ঢাকার হেলথ এন্ড হোপ ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক আবদুল্লাহ হেল কাফীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন এএসএম আনোয়ার উল্লাহ ভূইয়া ও মো: গোলাম মোস্তফা।
এদিকে ছাত্র ইউনিয়নের নেতার ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পদক মুজাহিদুল ইসলাম সেলিম। এক বিবৃতিতে তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।
অপর এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক সামসুল আলম সজ্জন একই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধারবাহিক সন্ত্রাসের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
