২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আসন্ন অধিবেশনেও যোগ দিচ্ছে না আওয়ামী লীগ, আলোচনার গ্যারান্টি পেলে বিবেচনা করবো: হামিদ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদের আগামী অধিবেশনেও যোগ দিচ্ছে না। বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ শুক্রবার বিডিনিউজকে বলেন, সংসদে যাওয়ার মতো পরিবেশ এখনও হয় নি। সরকার যদি সেভাবে বলে বা স্পিকার যদি দায়িত্ব নিয়ে আলোচনার গ্যারান্টি দেন, যোগ দেওয়ার বিষয়টি তখন আমরা বিবেচনা করতে পারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

অষ্টম জাতীয় সংসদের ১৮ তম অধিবেশন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে।

সংসদে যোগদানের ব্যাপারে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার আহ্বানকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতা বলেন, এভাবে আহ্বান জানায় নাকি? তাদের তো কোনো সদিচ্ছা নেই। সংসদে যোগ দিয়ে আমরা যাতে কথা বলতে পারি, এমন ইতিবাচক পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ ও ভূমিকা দেখছি না।

তিনি বলেন, দেশের কোনো সমস্যা নিয়ে সরকার বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ দেয় না। ২১ আগস্টের গ্রেনেড হামলা, শাহ এএমএস কিবরিয়া এমপি ও আহসান উল্লাহ্ মাস্টার এমপি হত্যার পরও সরকারি দল আমাদের কথা বলতে দেয় নি। গত ১৭ আগস্টের বোমা হামলা নিয়ে কথা বলতে দেবে - এমন গ্যারান্টিও তো তারা দিচ্ছে না! এ অবস্থায় আমরা সংসদে গিয়ে কি করবো? ওয়াক আউট করা ছাড়া আর তো কিছু করার থাকবে না।

এক প্রশ্নের জবাবে আব্দুল হামিদ বলেন, আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) সভার সিদ্ধান্ত এখনও হয়নি। সরকারের পক্ষ থেকে পরিবেশ সৃষ্টির গ্যারান্টি পেলে তখন আমরা বসতে পারি।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ গত ৩১ জানুয়ারি সংসদের ১৫ তম অধিবেশনে ওয়াক আউট করার পর থেকে টানা সংসদ বর্জন করে আসছে।