বিএনপি’র সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সরকার ও জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানি ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তিনদিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বিডিনিউজের প্রতিনিধিরা জানিয়েছেন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, সমাবেশ, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুএকটি স্থানে অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া গেছে। রাজশাহীতে মহানগর ও বিভিন্ন থানায় পৃথকভাবে কর্মসূচি পালিত হয়। অন্যদিকে ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন, উৎপাদনমুখি রাজনীতি ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার মাজার জিয়ারত করেন। এসময় মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আরএ গনি, তানভীর আহমদ সিদ্দিকী, মাহবুবউদ্দিন আহমদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দর্শকের সারিতে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য প্রদান করেননি।
আলোচনা সভায় আবদুল মান্নান ভুইয়া ২১ আগস্টের বোমা হামলা বিষয়ে আলোচনার জন্যে জাতীয় সংসদে যোগ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। পঞ্চম সংশোধনীকে অবৈধ হিসেবে ঘোষণা করে হাইকোর্টের রায় সম্পর্কে তিনি বলেন, এটা নতুন কিছু নয়। বিএনপির জন্ম থেকেই বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। বোমা হামলা বা এধরণের ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, বিএনপি অনেক ভাল কাজ করছে। কিন্তু মিডিয়া শুধু খারাপ দিকগুলোই প্রকাশ করছে। তিনি নাম উল্লেখ না করে বলেন, কিছু আওয়ামী লীগপন্থী পত্রিকা দেখাতে চায়, দেশের অবস্থা খারাপ হচ্ছে।
বিএনপির তিনদিনব্যাপি অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুইয়া। শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মিছিল।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মহানগর বিএনপির পক্ষ থেকে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম¥দ নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এবং হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিকেলে শহরের বিপ্লব উদ্যান থেকে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর এক বিশাল র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় সংসদ সদস্য এম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় সংসদের হুইপ মোঃ আশরাফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনাসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
আলোচনা সভা শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে এছাড়াও খুলনা মহানগর ও জেলা বিএনপি’র বিভিন্ন কর্মসূচির মধ্যে ভোরে দলীয় কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকালে দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রতিনিধি জানান, ২৭ তম প্রতিষ্টা বার্ষিকীকে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানায় দলীয় কোন্দল আরও স্পষ্ট হয়ে উঠেছে। মহানগর বিএনপির সাধারন সম্পাদক নাদিম মো¯তফার আহবানে নগরীতে প্রতিষ্টা বার্ষিকীর র্যালীসহ আলোচনা সভা অনুষ্টিত হয় সাহেববাজার বড় রা¯তার মোড়ে। তার সাথে ছিলেন বিএনপি সাবেক কতিপয় নেতৃবন্দ। অন্য দিকে মেয়র মিনুর নেতৃত্বে নগরীর ৪ থানা এলাকায় মিলাদ মাহফিল কাঙ্গালী ভোজ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার মিনু গ্রুপের উদ্যোগে নগরীতে র্যালী ও সমাবেশ অনুষ্টিত হবে।
দুই গ্রুপের উত্তেজনার কারনে মোহনপুর উপজেলার কেশরহাটে সকাল থেকেই ১৪৪ ধারা বলবৎ রাখা হয়। পুলিশ কোন গ্রুপকেই র্যালী করতে দেয়নি। বর্তমান পৌর কমিটির আহবায়ক আবু হেনা কামরুজ্জমান ও সাবেক কমিটির সভাপতি আলাউদ্দিন আলো গ্রুপ অবশ্য পৃথক পৃথক স্থানে সমাবেশ করেছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে তানোরে আজ সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক শীষ মোহাম্মদের নেতৃত্তে ডাকবাংলো মাঠে সমাবেশ অনুষ্টিত হয়। বিকালে তানোর থানা বিএনপির সাধারন সম্পাদক মনসুর রহমানের নেতৃত্তে গোল্লাপাড়ায় পৃথক সমাবেশ হয়। চারঘাটে থানা কমিটির আহবায়ক বাবুল আখতার বাবলুর নেতৃত্বে র্যালী সমাবেশ ও বহিস্কৃত সভাপতি আবু সাইদ চাঁদের নেতৃত্বে সমাবেশ হয়েছে।
এদিকে পুঠিয়ায়ও বিএনপি রক্ষা কমিটির উদ্যোগে সকালে এবং থানা কমিটির উদ্যোগে বিকালে র্যালী ও সমাবেশ হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান স্থানীয় শহীদ খোকন পার্কে দলীয় পতাকা খচিত কেক কেটে দলের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, যারা জিয়ার ১৯ দফা বিশ্বাস করেন, খালেদা জিয়ার নেতৃত্ব মানেন, বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাস করেন, তাদের আজ আনন্দের দিন। আসুন সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করি জিয়া যে উদ্দেশ্যে দল গঠন করেছিলেন, সে উদ্দেশ্য যেন সফল হয়। এরপর তিনি ফেস্টুন ও কবুতর উড়িয়ে র্যালীতে যোগদান করেন। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী হাতি, গরুরগাড়ীসহ বিভিন্ন যানে চড়ে র্যালীতে অংশ নেন। র্যালী শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ খোকন পার্কে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। র্যালীর শেষে থাকা ট্রাকে জাসাসের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। শেষে শহীদ খোকন পার্কে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জেলা কমিটির উদ্রোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ভাংচুর, হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে। সভা শুরুর হওয়ার পর দুইজন নেতার সমর্থকরা তাদের নেতার পক্ষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে শহরে বর্ণাঢ্য র্যালী, স্বাধীনতা উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
এছাড়াও বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।
