হাইকোর্টের রায় জোট সরকারের গোড়া কেটে দিয়েছে, উড়ে গেছে অবৈধ ক্ষমতা দখলকারীদের তাসের ঘর : শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে নৃশংসভাবে স্বপরিবারে হত্যার পর অবৈধ ক্ষমতা দখলকারীরা মিথ্যা ইতিহাসের তাসের ঘর রচনা করেছিলো। হাই কোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ে সেই তাসের ঘর উড়ে গেছে। এ রায় বিএনপি জামাত জোট সরকারের গোড়া কেটে দিয়েছে।
বৃহস্পতিবার ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা হাইকোর্টে ‘ঐতিহাসিক রায় ঘোষণাকারী’ বিচারককে গত বুধবার মামলার শুনানি চলাকালে এজলাস থেকে নামিয়ে গোয়েন্দা সংস্থার লোকজনের জিজ্ঞাসাবাদের ঘটনার কড়া সমালোচনা করেন।
প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, এমন একটি রায় ঘোষণার পর বিচারপতিকে এজলাস থেকে নামিয়ে এনে গোয়েন্দারা এমন তৎপরতা দেখালো। কিন্তু গত ১৭ আগষ্টের বোমা হামলা ও গত বছরের ২১ আগষ্টের গ্রেনেড হামলার সময় তারা কোথায় ছিল? তখন ওদের তৎপরতা কি ছিলো? এ প্রশ্নের জবাব অবশ্যই সরকারকে দিতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার।
আলোচনায় অংশ নেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক ড. আবুল বারাকাত, ড. আবুল কাশেম ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
শেখ হাসিনা বলেন, আমরা আগে থেকেই বলে আসছিলাম সামরিক সরকার অবৈধ এবং গণতন্ত্র বিরোধী। হাই কোর্টের রায়ে সেটা প্রমাণিত হলো। তিনি বলেন, সত্যকে কখনই মিথ্যে দিয়ে ঢেকে রাখা যায় না। সত্য যে একদিন আত্মপ্রকাশ করে-তাও প্রমানিত হয়েছে ঐতিহাসিক এ রায়ের মাধ্যমে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অবৈধ ক্ষমতা দখলকারীরা মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেছে। বাঙালি জাতির বিজয়ের ইতিহাস শেখা ও জানা থেকে তারা এ দেশের সন্তানদের বঞ্চিত করছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা শ্লোগান তুলি-মিথ্যে ইতিহাস শিখবো না, পড়বো না। অবৈধ ক্ষমতা দখলকারী খুনিদের বানানো ইতিহাস বর্জন করবো-এ প্রতিজ্ঞা আমাদের করতে হবে।
