বাংলাদেশে বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, টনি ব্লেয়ারের কাছে স্মারকলিপি পেশ
যুক্তরাজ্য বঙ্গবন্ধু ব্যারিস্টার্স কাউন্সিল ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩টি জেলা সদরে ও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারে ব্যর্থতা, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে বুধবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে বিক্ষোভ প্রদর্শন ও প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কাছে স্মারকলিপি দিয়েছে।
বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচিতে সংগঠনের সদস্য ব্যারিস্টার ও আইনের ছাত্ররা ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, নর্থ লন্ডন আওয়ামী লীগ, ইস্ট লন্ডন আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতারা যোগ দেন।
পরে ব্যারিস্টার নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে বাংলাদেশের বিরাজমান অবস্থার অবসানে বৃটেনের প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করা হয়।
এর আগে ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মোস্তাক কোরাইশি, সামসুদ্দিন মাস্টার, মারুফ চৌধুরী, সিতাব চৌধুরী প্রমুখ।
