২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সেপ্টেম্বর ১৪ দলের বিক্ষোভ, বিচারপতিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিরোধী দল

জোট সরকারের সামরিক শাসন, সংবিধান লঙ্ঘন ও অবৈধ ক্ষমতা দখলের পক্ষাবলম্বন এবং বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ও বিচারপতিদের অবমাননার প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল আগামী ৪ সেপ্টেম্বর দেশব্যাপী ‘বিক্ষোভ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪ দল নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করে বলেন, সত্য উদঘাটন বন্ধ করতে জোট সরকার বিচার বিভাগ ও বিচারপতিদের ওপর আরও জঘণ্য আক্রমণ চালাতে পারে। তারা বিচারপতিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গত ২৯ আগষ্ট সামরিক শাসন প্রসঙ্গে হাই কোর্টের দেওয়া রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী উল্লেখ করে ১৪ দল এ রায়কে অভিনন্দন জানায়।

সভায় বলা হয়, এ রায়ের মধ্য দিয়ে সামরিক শাসনের আইনগত ও নৈতিক ভিত্তি এবং বৈধতা চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেলো। সামরিক শাসকরা জাতির ওপর যে ইতিহাস বিকৃতি ও মিথ্যার রাজনীতি চাপিয়ে দিয়েছিলো, এ রায়ের মাধ্যমে মানুষ তা থেকে কিছুটা হলেও মুক্ত হলো। দেরিতে হলেও এ রায়ের মধ্য দিয়ে সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং সংবিধান সমুন্নত হয়েছে।

হাইকোর্টের রায় ঘোষণার পর খোদ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সরকারের শীর্ষ পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া এবং মধ্যরাতে হাই কোর্টের রায় স্থগিত করার তৎপরতা প্রমাণ করেছে বিএনপি জামাত জোট সরকার সত্যের মুখোমুখি হতে চায় না। এই রায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জোট সরকার যে এখনও সংবিধান পরিপন্থী সামরিক শাসনকে ক্ষমতা দখলের উপায় হিসেবে মনে করে-সেটাও প্রমাণিত হয়েছে।

এছাড়া সভায় গত ৩১ আগষ্ট সামরিক শাসনকে অবৈধ ঘোষণাকারী হাইকোর্টের বেঞ্চে বিচার চলাকালীন ‘নজিরবিহীনভাবে সরকারের গোয়েন্দাদের অনুপ্রবেশ এবং চরম অবমাননামূলকভাবে বিচারপতিকে এজলাস ত্যাগ করে তাদের কথা শুনতে বাধ্য করার ঘটনার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, জাসদ’র হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, মইনুদ্দিন খান বাদল, ১১ দলের কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, পঙ্কজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, মফিজুল ইসলাম খান কামাল, নুরুল ইসলাম এবং শহীদুর রহমান।