২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের সমালোচনায় সুরঞ্জিত

সংবিধানের পঞ্চম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায়ের ব্যাপারে আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বুধবার বলেছে, আইনমন্ত্রীর বক্তব্য দেশের স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

বুধবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের আইনমন্ত্রী হিসেবে মওদুদের মন্তব্য স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।

আইনমন্ত্রীর এ মন্তব্যকে তিনি আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করেন এবং এ ধরনের ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ মন্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেন। আইনমন্ত্রীকে তার এ বক্তব্য প্রত্যাখ্যানের জন্যও আহ্বান জানান তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার বলেন, সংবিধান, রাষ্ট্র ও সরকারের পরিপ্রেক্ষিতে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কোনও মূল্য নেই।

মাসিক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, এ রায় শুধু সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাছাড়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়টিকে স্থগিত ঘোষণা করায় এ রায়ের আর কোনও কার্যকারিতা নেই বলেও তিনি জানান।

হাইকোর্টের এ রায়কে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমি মনে করি এটি একটি জোরালো ও সাহসী রায় এবং স্পষ্টতই এ রায় ভবিষ্যৎ গণতন্ত্রের বাতায়ন খুলে দেবে। তিনি বলেন, সংবিধানের শ্রেষ্ঠত্ব এ রায়ের মাধ্যমে প্রমাণিত হল এবং এতে বোঝা যায়, সংবিধান সকল আইনের ঊর্ধ্বে।

সোমবার মধ্যরাতে হাইকোর্টের রায় স্থগিত করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রায়ে যদি সরকার সম্পর্কে কোনোকিছু না বলা হয়ে থাকে তবে কেন আইনমন্ত্রী ওই নাটকের আয়োজন করলেন?

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ক্ষমতাসীন বিএনপি এবং আইনমন্ত্রী সামরিক শাসনকে ‘জংলী আইন’ হিসেবে উল্লেখ করেছিলেন। যদি তা-ই হয়, তাহলে তারা এখন কেন এ ধরনের পদক্ষেপ নিতে গেলেন? এখন তারা কেন অস্বস্তি বোধ করছেন? তাদের তো খুশি হওয়া উচিত।

মওদুদকে সামরিক আইনের সৃষ্টি ও সুবিধাভোগী বলে উল্লেখ করে তিনি বলেন, জিয়া সরকারের আমলে তিনি সামরিক শাসনের পক্ষে কাজ করেছেন।

তিনি এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, এ রায়ের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন স্পষ্টতই আরও জোরদার হবে।

আওয়ামী লীগের অপর নেতা তোফায়েল আহমেদ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে এ রায়ের আশায় ছিল। সংবিধান সবার ওপরে, এ রায়ে তা-ই প্রমাণিত হল।

তিনি আইনমন্ত্রীর রাজনৈতিক অসততার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের লোকের কারণেই আমাদের রাজনীতি দূষিত হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ফজলুল করিম সেলিম এবং ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।