দেশজুড়ে সিরিজ বোমা বিস্ফোরণের পর বিদেশীদের ভিসা প্রদানে কড়াকড়ি
সতের আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের পর বিদেশীদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছে সরকার।
দেশব্যাপী সিরিজ বোমা হামলায় বিদেশীদের সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং আসন্ন সার্ক সম্মেলনে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) এ নির্দেশ প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এবং এসবির একজন শীর্ষ কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসবি জানে।
তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের ৬৩ জেলায় ১৭ আগস্ট একই সময়ে অর্ধ সহস্রাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় দেশে ও বিদেশে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ দেখা দেয়।
সতের আগস্ট কেবল রাজধানী ঢাকাতেই বিশটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকায় বোমা হামলার স্থানগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন এবং ভারতীয় হাইকমিশন কার্যালয়ের সামনের রাস্তায়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, কেন্দ্রীয় সচিবালয়ের সামনের রাস্তা, বারিধারা কূটনৈতিক এলাকা, জাতীয় প্রেসক্লাব এবং র্যাব ট্রেনিং স্কুল।
ধারাবহিক বোমা বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।
গোয়েন্দা ও আইন প্রয়োগকারী একাধিক সংস্থার সদস্যরা জানান, এ বোমা হামলার সাথে জামা’আতুল মুজাহিদীন জড়িত থাকলেও তাদের অর্থ যোগান এবং প্রশিক্ষণে বিদেশী শক্তি জড়িত, এমন তথ্য পাওয়ার পরই সরকার বিদেশীদের ভিসা প্রদানে আরও কড়াকড়ি ব্যবস্থা আরোপের নির্দেশ দিয়েছে।
তবে কোন কোন দেশের নাগরিকদের এ কড়াকড়ির আওতায় আনা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এসবির শীর্ষ একজন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত পাকিস্তান, সুদান, প্যালেস্টাইন, মরক্কো এবং ভারতের নাগরিকদের এ কড়াকড়ির আওতায় আনা হয়েছে।
এসবি সূত্র জানায়, সিরিজ বোমা বিস্ফোরণের পর আসন্ন সার্ক সম্মেলন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য বিদেশীদের ভিসা প্রদানে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগে দু’বার স্থগিত হয়ে যাওয়া ত্রয়োদশ সার্ক সম্মেলন আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হলেও বাংলাদেশের বর্তমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কারণে তা আবার অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে সার্ক ত্রয়োদশ শীর্ষ সম্মেলন চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নিরাপত্তার অজুহাত দেখিয়ে অংশগ্রহণে আপত্তি জানালে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে সাত সদস্য দেশের সম্মতির ভিত্তিতে নতুন সময় হিসেবে চলতি বছরের নভেম্বর মাস নির্ধারিত হয়।
