২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ রায়ের তাৎপর্য খুবই কম: সামরিক শাসনামল বিষয়ক হাইকোর্টের রায় সম্পর্কে মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার সামরিক শাসনামল সম্পর্কিত হাইকোর্টের রায় সম্পর্কে বলেছেন, এ রায়ের তাৎপর্য খুবই কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

“এই রায় শুধু দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর বেশি কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। সুপ্রিম কোর্টের এপিলেড ডিভিশন এ রায় স্থগিত করায় এটি কার্যকরও নয়,” পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে মওদুদ একথা বলেন।

সোমবার এক রায়ে হাইকোর্ট সংবিধানের ৫ম সংশোধনী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ১৭ এপ্রিল পর্যন্ত খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম এবং জেনারেল জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা গ্রহণকে অবৈধ এবং সংবিধান ও আইনবহির্ভূত ঘোষণা করেন।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে সামরিক শাসন জারি করেননি।

“এমনকি জিয়াউর সামরিক শাসনের মধ্য থেকেও ক্ষমতায় আসেননি। ১৯৭৭ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়,” মওদুদ বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, সামরিক শাসন জারির পর তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন এবং তার মন্ত্রী সভার সবাই ছিলেন আওয়ামী লীগ নেতা।

“খবরের কাগজে প্রকাশিত রিপোর্ট থেকে আমার মনে হয়েছে, হাইকোর্টের রায়টি সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য নয়। কোর্টের এপিলেড ডিভিশনে পূর্ণ শুনানির সময় এ সম্পর্কিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হবে,” মওদুদ বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে কখনও কখনও সংবিধানের শূন্যস্থানগুলো পূরণ করা হয়।

“বিচারপতি সাহাবুদ্দিন আহমদ এর সরকারের যাবতীয় কার্যাবলী একাদশ সংশোধনীর মাধ্যমে আইনসঙ্গত করা হয়েছে,” মন্ত্রী বলেন।

মওদুদ আরও বলেন, দ্রুততম ব্যবস্থার মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে, যেন জাতি বিভ্রান্ত না হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সামরিক শাসনকে কখনও সমর্থন করে না।