২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয়ভাবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপেষকতা করা হচ্ছে: সন্ত্রাস বিরোধী কনভেনশনে বক্তারা

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের শিক্ষাবিদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মানবিক প্রতিরোধে হোক সন্ত্রাস নির্মূল-শ্লোগানে ঢাকায় শুরু হওয়া দু’দিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের এক সেমিনারে মঙ্গলবার বক্তারা এ কথা বলেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনসস্টিটিউনের সেমিনার হলে আয়োজিত ‘বাংলাদেশের সংখ্যালঘু ঃ অসহিষ্ণুতা ও অধিকারের অস্বীকৃতি’-শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক। আলোচনায় অংশ নেন মীর মোবাশ্বের হোসেন, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, অধ্যাপক সাদেকা হালিম, অ্যাডভোকেট মনোতষ বড়ুয়া এবং সঞ্জীব দ্রং।

ওয়াহিদুল হক তার প্রবন্ধে বলেন, নির্বাচনে জয়ের পর বিএনপি জোটের ছয় মাসের শাসনামলেই খুন, জখম, অগ্নিংযোগ এবং ধর্ষণসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যত গুরুতর অপরাধ ঘটেছে তার কোন এটিতে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, কোন মামলা হয়নি বরং অনেক জায়গায়ই পুলিশই সক্রিয় সমর্থন দিয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান বন্দুক হাতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে প্রথমেই সংবিধান থেকে বেয়নেট দিয়ে কেটে ফেলেন রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে।

আহমদীয়া মুসলিম সমাজের প্রতিনিধি মীর মোবাশ্বের হোসেন বলেন, গত ২ বছরে সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের উপর অত্যাচার হচ্ছে। প্রকাশ্যে জামায়াতের একজন নেতা আহমদীয়া সম্প্রদায়ের একজন ইমামকে হত্যা করলেও কোন মামলা হয়নি।

অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন বলেন, হিন্দুরা দেশের সংখ্যালঘু হতে চায় না। তাদেরকে জোর করে তা বানানো হচ্ছে। অধ্যাপক ডালেম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন এবং ৭২ সালে ধর্মনিপেক্ষে একটি সংবিধান হওয়ার পর আমরা স্বস্তি পেয়েছিলাম এবং আশান্বিত হয়েছিলাম যে, এবার মাথা উচু করে দাঁড়াতে পারবো। কিন্তু তা হয়নি।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, আমাদের সংবিধানে এখন পর্যন্ত আদিবাাসীদের কোন স্বীকৃতি নেই। এছাড়া সিদ্ধান্ত প্রণয়নের জায়গাগুলোতে সংখ্যালঘুদের কোন প্রতিনিধিত্ব নেই।

অ্যাডভোকেট মনতোষ বড়ুয়া বলেন, আমরা মুক্তিযুদ্ধ করার সময় তো বলিনি, হিন্দু মুক্তিযোদ্ধা, বৌদ্ধ মুক্তিযোদ্ধা তাহলে আজ কেন বলা হচ্ছে হিন্দু বা বৌদ্ধ বাঙ্গালী।

সঞ্জীব দ্রং বলেন, সংখালঘু এবং আদিবাসীদের রক্ষার দায়িত্ব সরকারের। এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। অথচ সংখালঘুদের ধ্বংসের জন্য রাষ্ট্রই পৃষ্ঠপোষকতা করছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুল হক বলেন, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি একটা সুষম, বিকশিত, আবাসযোগ্য রাষ্ট্রের। তিনি বলেন দেশ আজ ভয়াবহ অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে। এ আঁধার থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।