দু’দিন ব্যাপী সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশন শুরু, উদ্বোধনী অধিবেশনে কাঁদলেন সবাই
মানবিক প্রতিরোধে হোক সন্ত্রাস নির্মূল-এ স্লোগানে ঢাকায় শুরু হয়েছে দু’দিনব্যাপী সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশন ২০০৫।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার সকালে সন্ত্রাসবাদের শিকার সকল নিহত ও আহতের পক্ষে এ কনভেনশনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অধিবেশন।
কনভেশনের আহ্বায়ক ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের স্বাগত বক্তব্যের পর প্রদর্শন করা হয় ভিডিও তথ্যচিত্র। মুক্তি সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সন্ত্রাস, অত্যাচার-নির্যাতন, বোমা ও গ্রেনেড হামলা, হত্যা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের ঘুরে দাঁড়ানোর ওপর নির্মিত এ ভিডিও প্রদর্শনকালে মিলনায়তনে নেমে আসে পিনপতন নিরবতা।
শেখ হাসিনা দর্শকের চেয়ারে বসে এ ভিডিও চিত্র দেখেন। পরে হুইল চেয়ার ও ক্র্যাচে ভর দিয়ে আসা গ্রেনেড ও বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনা ও নির্যাতনের শিকার হয়ে বিকলাঙ্গ ব্যক্তিদের সঙ্গে নিয়ে মঞ্চে আসেন তিনি। শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। তিনি তাদের সান্ত¡না দেন। সবার কাছে গিয়ে øেহভরে চোখ মুছিয়ে দেন। অশ্রু সংবরণ করতে পারেননি শেখ হাসিনাও। গোটা মিলনায়তনজুড়ে এসময় সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের।
অনেক চেষ্টায় চোখ মুছে মাইকের সামনে দাঁড়ান শেখ হাসিনা। বক্তব্য দেওয়ার আধঘন্টার মধ্যে প্রায় পুরো সময়ই তিনি কেঁদেছেন। দর্শকের সারিতে বসা শোক বিহ্বল অংশগ্রহণকারীরাও এসময় চোখের পানি সামলাতে পারেননি। উদ্বোধনী অধিবেশনের প্রায় পুরোটাই ছিলো এমন শোকের আবহে ভরা।
বক্তব্য শেষে শেখ হাসিনা আবারও এসে বসেন দর্শক সারিতে। এ পর্যায়ে পরিবেশন করা হয় সন্ত্রাসবিরোধী সঙ্গীত।
প্রদর্শন করা হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে ব্রিটিশ এমপি লর্ড এভিলি’র সাক্ষাৎকারের ভিডিও চিত্র।
আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার নেতা উইলিয়াম শ্লন কনভেনশনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
এর আগে কনভেনশনের সাফল্য কামনা করে ইউরোপীয় পার্লামেণ্ট সদস্য জন ভ্যান হিক্ ও জার্মান পার্লামেন্টের এমপি প্রফেসর ড. উইনফ্রিড পিঙ্গার’র দেওয়া বাণী পড়ে শোনান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
আবুল মাল আব্দুল মুহিত প্রথম অধিবেশনের সমাপ্তি বক্তব্য রাখেন।
উদ্বোধনী অধিবেশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কেন্দ্রীয় নেতা সৈয়দ জাফর সাজ্জাদ, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও ইউরোপীয় কমিশনের থার্ড সেক্রেটারি জেনি খ্রিস্টিনসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃৃতিক, পেশাজীবী, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে পৃথক তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এর মধ্যে অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ‘সন্ত্রাস: বিচারহীনতার পরিবেশ’, অধ্যাপক অজয় রায় ‘রাষ্ট্রীয় সন্ত্রাস বনাম আইনের শাসন’ এবং ওয়াহিদুল হক ‘বাংলাদেশের সংখ্যালঘু: অসহিষ্ণুতা ও অধিকারের অস্বীকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
কনভেনশন প্রাঙ্গণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে চলছে একুশে আগস্টসহ বিভিন্ন গ্রেনেড ও বোমা হামলা এবং সন্ত্রাসী ঘটনার ওপর আলোকচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপনী দিনে বুধবার তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিকেলে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশন ২০০৫।
