২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সন্দেহভাজন ৩ জঙ্গি গ্রেফতার

সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত এবং জেএমবি’র সদস্য সন্দেহে পুলিশ সোমবার কুড়িগ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশের একটি বিশেষ টিম সোমবার মধ্যরাতে নাগেশ্বরী উপজেলার আজমাতা, মধুর হাইল্যা ও নিলুর খামার গ্রাম থেকে আলহাজ মোহাম্মদ সামছুল হুদা (৪৮), মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ ওরফে হাবিব ওরফে হাবিবুর রহমান (৩৫) এবং মাদ্রাসা ছাত্র নুর মোহাম্মদ (২০) কে গ্রেফতার করে।

পুলিশ গ্রেফতারকৃতদের জঙ্গি দলের সদস্য হিসেবে উল্লেখ করে জানান, আরও তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএসপি (হেড কোয়ার্টার) নূরুল আসলাম সরকার বিডিনিউজকে বলেন, গ্রেফতারকৃত জঙ্গিদের কাছে ১৩ টি উস্কানিমূলক (আপত্তিকর) বই পাওয়া গেছে। এছাড়া বোমা ও রিভালবারের ছবিসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত লিফলেটও পুলিশ উদ্ধার করেছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নূর মোহাম্মদ নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার ছাত্র। আন্ধারীঝার জামে মসজিদে সে প্রতি মঙ্গলবার জামায়াতে ইসলামীর মিটিং এ যোগ দেয়। জেএমবি’র নেতা আব্দুল গোফফার ওরফে ঈসার সাথে তার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। মধুর হাইল্যা হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ জেএমবি’র সদস্য। তার কাছ থেকে বেশ কিছু বিতর্কিত বই উদ্ধার করা হয়। বর্তমানে কৃষিজীবি আলহাজ মোহাম্মদ সামছুল হুদা ১৯৭৬ সালে লালমনিরহাটে আনসার ব্যাটালিয়ানে চাকরি করত। ১৯৯৩ সালে সে কুয়েত সেনাবাহিনীতে যোগ দেয়। সাত বছর চাকরি করে দেশে ফিরে আহলে হাদিসের সদস্য হয়। এখন জেএমবি’র সদস্য হলেও জামায়াতের সাথে তার রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। ১৭ আগস্ট বোমা হামলার আগে সে চারটি মিটিংয়ে যোগ দেয় এবং একটি মিটিং তার বাড়িতে অনুষ্ঠিত হয়।

বোমা হামলার ঘটনার পর এই প্রথম কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল। ১৭ আগস্ট কুড়িগ্রামের ছয়টি স্থানে ছয়টি বোমা বিস্ফোরিত হয় এবং তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়।