দেশের বিরাজমান সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানালেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তিনি মনে করেন ১৭ আগস্ট দেশব্যাপী ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার সাথে বিদেশী শক্তির হাত রয়েছে।
তার মতে, বোমা হামলার ধরণ দেখে মনে হয়, সীমান্তের বাইরের কোনো শক্তি এর সাথে জড়িত থাকতে পারে।
তিনি বিরাজমান সংকট নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে জাতীয় সংলাপ আয়োজনের জন্যও প্রস্তাব দেন।
সৌদি সফর শেষে দেশে ফেরার পর সোমবার তার বনানীস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ একথা বলেন।
১০ দিনের সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন তিনি ।
ব্রিফিংয়ে তিনি সফর এবং বোমা হামলায় তিনজন নিহত ও অনেক হতাহতের ঘটনার সম্পর্কে তার অবস্থান সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এ বোমা হামলা সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নয়, এটা গোটা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশকে একটি সন্ত্রাসী, ব্যর্থ ও অকার্যকর দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে। গোটা দেশেই বোমা হামলা হলেও একটি জেলা ওই নীল নকশার অংশ।
তিনি বলেন, বোমা হামলার প্রভাবে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীসহ দেশের সাধারণ মানুষ ভিসা পেতে অসুবিধার সম্মুখিন হচ্ছে। জনশক্তি রপ্তানী ব্যবসা চরমভাবে ক্ষতির শিকার হয়েছে। ১৭ আগস্ট হামলার কারণে বিভিন্ন দেশে প্রবাসীদের সন্দেহের চোঁখে দেখা হচ্ছে।
তিনি যেকোনো মূলে সন্ত্রাসী ও তাদের হোতাদের খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, প্রমাণ ছাড়াই দেশের মাদ্রাসাগুলো এসব ঘটনার জন্য ঢালাওভাবে দায়ী করা ঠিক হবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে কোনো ঘটনার তদন্তে বিদেশী কোনো সংস্থার সহায়তা নেওয়া দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। দেশীয় গোয়েন্দাদের মাধ্যমেই এ ঘটনার তদন্ত করা উচিত।
তিনি বর্তমান ও বিগত সরকার আমলে বোমা ও গ্রেনেড হামলার ঘটনার রহস্য উদ্ধার না হওয়ার সমালোচনা করে বলেন, দেশে বিভিন্ন সময়ে এসব হামলার তদন্ত ও রহস্য বের না হওয়ার কারণে বারবার বোমা হামলার ঘটনা ঘটছে।
এরশাদ তার শাসনামলের কথা উল্লেখ করে বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে বিরোধী দলের হরতালে কিছু বোমা ফোটা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরুর ওপর জোর দেন।
বোমা হামলার ব্যাপারে গোয়েন্দাদের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো অকার্যকর হয়ে পড়েছে। বোমা হামলার কারণে সরকারের পতন হবে না। তবে এর যথাযথ তদন্ত না হলে তা হবে সরকারের একটি ব্যর্থতা।
