২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নগর ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মেয়রদের বৈঠক শেষ, বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত

ঢাকায় ছয় মেয়রের বৈঠকে বিভিন্ন সিটি করপোরেশন এলাকার জন্য নতুন নগর ব্যবস্থা চালুর ব্যাপারে ঐকমত্য হলেও এর নাম কি হবে, তা চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 10:43 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

তবে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সেবা সংস্থাগুলোকে সিটি করপোরেশনের অধীনে নেওয়াসহ বেশ কয়েকটি ব্যাপারে ছয় মেয়র একমত হয়েছেন। এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে মেয়র ভবনে ছয় মেয়রের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, খুলনার মেয়র শেখ তৈয়বুর রহমান, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান এবং বরিশালের মেয়র মজিবর রহমান সারোয়ার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সাংবাদিকদের ব্রিফিং দেন।

বৈঠকে গৃহীত প্রস্তাবের মধ্যে রয়েছে-ওয়াসাকে সিটি করপোরেশনের অধীনে নেওয়া, বিভিন্ন কাজের সুবিধার জন্য কমিউনিটি পুলিশের ব্যবস্থা, রাজউকের কাজের পরিধি কমিয়ে শুধুমাত্র শহর উন্নয়নে এবং সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদনের ক্ষমতা সিটি করপোরেশনের ওপর ন্যস্ত করা।

এছাড়াও ঢাকা সিটি করপোরেশনকে প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণে নেওয়া এবং সিটি করপোরেশনের কমিশনারদের পদবি কাউন্সিলর করে তাদের অনারারি ম্যাজিস্ট্রেটের মর্যাদার জন্য প্রস্তাব নেওয়া হয়েছে।

সাদেক হোসেন খোকা জানান, সিটি করপোরেশনগুলোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হয়। কিন্তু বিভিন্ন কারণে এসব প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়। সেজন্য সিটি করপোরেশন এলাকার ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব করপোরেশনের হাতে ন্যস্ত করা প্রয়োজন।

ঢাকাসহ সিটি করপোরেশন এলাকার অপটো ট্যাক্স (নগরের ভিতর দিয়ে চলাচলকারী যানবাহনের ওপর ধার্য্য কর) বাবদ আড়াই কোটি টাকা সরকারী ভর্তুকি প্রত্যাহারের প্রস্তাব করে সভায় বলা হয়, এর বদলে সিটি করপোরেশনকেই অপটো ট্যাক্স আদায়ের ক্ষমতা দেওয়া হলে একশ’ কোটি টাকা আদায় সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা বলেন, সমস্ত প্রস্তাব চূড়ান্ত করার পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে মেয়ররা তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। কারও একক কোনো প্রস্তাবনা সেখানে উত্থাপন করা হবে না। তবে আপাতত: বিদ্যমান আইনে নাগরিক সমস্যাগুলোর সমাধানের জন্য সমন্বিতভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সিটি করপোরেশনের মধ্যেও এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

এক প্রশ্নের জবাবে সিটি গভর্নমেন্টের উদ্যোক্তা চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, তিনি তার দাবি থেকে সরে আসেননি। তবে এককভাবে কোনো দাবি আদায় করা সম্ভব নয়। তাই সম্মিলিতভাবে এ দাবি নিয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে তারা তাদের কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগুলো আদায় করা হবে।