বিএনপি ক্যাডাররা ফরিদপুরে ঐক্যজোটের মঞ্চ দখল করেছে, আহত ৬
ফরিদপুর উপনির্বাচনের দুদিন আগে মধুখালিতে শনিবার ইসলামী ঐক্যজোট নেতা ও স্বতন্ত্র প্রার্থী মুফতি শরাফত হোসাইনের পূর্ব নির্ধারিত জনসভার মঞ্চ দখল করে নেয় বিএনপি ক্যাডাররা।
মধুখালির কামারখালি বাসস্ট্যান্ডে শনিবার বিকেলে ঐক্যজোটের জনসভায় বিএনপি ক্যাডারদের হামলায় ঐক্যজোট প্রার্থী মুফতি শরাফত হোসাইন এবং দলের কেন্দ্রীয় নেতা ও নড়াইল-২ আসনের এমপি মুফতি শহিদুল ইসলামসহ আরও পাঁচ/ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হন। এসময় ক্যাডাররা ঐক্যজোটের মঞ্চ ভেঙে ফেলে।
আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, মধুখালি ঈদগাহ মাঠে শনিবার বিকেলে মুফতি শহিদুল ইসলামের পক্ষে জনসভার আয়োজন করা হয়। কিন্তু সভা শুরু হলে হঠাৎ করে স্থানীয় বিএনপির ক্যাডাররা জনসভার জন্যে নির্মিত মঞ্চ দখল করে নেয়। মঞ্চ দখল করে সেখানে তারা প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে চারদলীয় জোট প্রার্থী শাহ আবু জাফরের পক্ষে জনসভা করার ঘোষণা দেয়।
এ ব্যাপারে মধুখালি পাইলট হাই স্কুল মাঠে সমঝোতা বৈঠক বসলেও উভয় পক্ষ শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়। এসময় অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কিন্তু পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহিদুল ইসলাম এমপির নেতৃত্বে ঐক্যজোটের একটি বিশাল মিছিল সমাবেশস্থলে পৌঁছলে বিএনপির ক্যাডাররা মঞ্চ ছেড়ে চলে যায়। এসময় পুলিশ প্রহরায় সভার প্রধান অতিথি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক মঞ্চে আসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসালামী ঐক্য জোট ফরিদপুর শাখার সভাপতি মাওলানা আকরাম আলী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল ইসলাম এমপি, উপনির্বাচনের প্রার্থী শরাফত হোসাইন, মাওলানা রুহুল আমীন, মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ।
বক্তারা সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচনের দুদিন আগে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান।
সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শহিদুল ইসলাম এমপি বলেন, আগামী ৩০ আগস্ট উপনির্বাচনের রায় কারচুপির মাধ্যম ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দায়িত্ব সরকারের। এর অন্যথা হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ঐক্য জোট নেতারা অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে।
