২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মঈনুলের পরিচয় নিশ্চিত করেছে সেনাবাহিনী ও গোয়েন্দা কর্তৃপক্ষ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর মঈনুলকে গ্রেপ্তারের একদিন পর সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্র তার পরিচয় নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

“হ্যা, তিনি মেজর মঈনুল। গ্রেপ্তারের পর তাকে সনাক্ত করতে সময় লেগেছিল। তবে এখন আমরা নিশ্চিত, তিনি মেজর মঈনুল হক,” গোয়েন্দা ও সেনা সূত্র বিডিনিউজকে নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, এই মেজর মইনুলই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি। তাকে ৪৬ ইনফেন্ট্রি ব্রিগেডের মেস-বি তে কঠোর নিরাপত্তার মধ্যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র জানায়, যেহেতু তিনি পলাতক ছিলেন, তাই সেসময় তাকে সেনা আইনে ওই মামলায় বিচারের মুখোমুখি হতে হয়নি। তবে এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

এর আগে শুক্রবার তাকে গ্রেপ্তারের পর তার পরিচয় নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল। র‌্যাব সূত্র দাবি করেছিল, গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত মেজর মোজাফফর।

র‌্যাব এর উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের স্পেশাল টাস্ক দেওয়া হয়, সাবেক এই মেজরকে ধরার জন্যে। এসময় তার পরিচয় সম্পর্কে আমাদের বলা হয়, তিনি পলাতক মেজর মোজাফফর হোসেন।

র‌্যাব-১ এর লেফটেনেন্ট আরমানের নেতৃত্বে বিশেষ দলটি শুক্রবার দুপুর সাড়ে বারটায় প্রমিনেন্ট হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মোহাম্মদপুরের প্রমিনেন্ট হাউজিং থেকে দুপুর সাড়ে ১২টার সময় র‌্যাব-১ এর বিশেষ দলটি তাকে গ্রেপ্তার করার পর ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়। সেখানে থানা কর্তৃপক্ষ তাকে রাখতে অপারগতা প্রকাশ করে। তার গ্রেপ্তারের খবর জানার পর মেজর আনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে তাকে নিয়ে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করে। বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য জানা যায়।

র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সূত্র জানায়, মিলিটারি পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে আটক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা নিজেকে মেজর মঈনুল দাবি করে তার পক্ষে কানাডা থেকে ইস্যু করা ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট দাখিল করেছেন।

প্রয়াত ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনী ম্যাসকারেনহাস তার সাড়া জাগানো গ্রন্থ “বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড” গ্রন্থে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে মেজর মঈনুলের জড়িত থাকার বর্ণনা করেন। ওই গ্রন্থে দাবি করা হয়, নৃশংস এ হত্যাকাণ্ডের আগের দিন মেজর মঈনুল এবং অন্যরা এ অভ্যুত্থান সফল করার জন্যে কোরআন ছুঁয়ে শপথ করেন।

এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, মেজর মোজাফফর গ্রেপ্তার হয়েছে, এমন খবর তার আত্মীয় স্বজনরা বিশ্বাস করতে পারছেন না। মেজর মোজাফফরের জন্মস্থান ও বসতবাড়ি সিরাজগঞ্জ শহরের হোসেনপুর গ্রামে। তার চাচাতো বোন বুলু বেগম বাড়ি দেখাশোনা করেন।

মেজর মোজাফফরের পিতা লুৎফর রহমানস অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক। তিনি ঢাকায় থাকেন। মা জরিনা বেগম দশ বছর আগে মারা গেছেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মোজাফফর বড়। ছোট ভাই পরাগ আহমেদ ঢাকায় ব্যবসা করেন।

মেজর মোজাফফর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি রক্ষীবাহিনীতে যোগ দেন। সাত/আট বছর আগে মেজর মোজাফফর সিরাজগঞ্জে তার বাড়িতে আসেন এমন খবর ছড়িয়ে পড়লে সেসময় স্থানীয় বিএনপি নেতাকর্র্মীরা তার বাড়িতে হামলা চালায়। পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তবে মেজর মোজাফফরের উপস্থিতি তখন কেউ দেখেননি।

তার নিকট আত্মীয়রা জানান, মোজাফফর ওই সময় উপস্থিত থাকলেও তাকে কেউ সনাক্ত করতে না পারায় তিনি সেসময় আত্মগোপন করেন।