মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তীব্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী খুনী জোট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দলের প্রস্তাব বাস্তবায়ন করে অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায় এবং মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে চিরতরে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার বিকেলে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বিএনপি জামাত জোটকে চিরতরে এদেশ থেকে তাড়াতে হবে। আর মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর এবং ২১ আগষ্টসহ সকল গ্রেনেড-বোমা হামলা ও মানুষ হত্যার বিচার করা হবে।
১৫ আগষ্টের খুনিদের বিচারের রায় কার্যকর ও ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারিদের বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, যুব মহিলা লীগ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল, জাকিয়া হোসেন মনি, নাহরীন মুন্নি, নার্গিস মাহতাব, আদিবা আঞ্জুম মিতা ও এ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি।
আলোচনা সভা শেষে নগরীতে শোক মিছিল বের করা হয়। পরে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগষ্টের গ্রেনেড হামলার স্মৃতি ফলকের সামনে প্রদীপ প্রজ্বলন ও নিরবতা পালন করা হয়।
