২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১ উপনির্বাচনে জমজমাট প্রচারণা, আওয়ামী লীগের অংশ ছাড়া ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা

ফরিদপুর-১ আসনের উপনির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রধান দুই প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর ও মুফতি শরাফতের মধ্যে প্রচার প্রচারণা জমে উঠছে। কিন্তু প্রধান বিরোধী দল অংশ না নেওয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 10:46 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নির্বাচনের তিনদিন বাকি থাকতে ভোটের অংকে নানা কৌশল যুক্ত হচ্ছে।

চারদলের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোটের দুই অংশের বিভেদ ও দ্বন্দ্বের প্রভাব পড়েছে উপনির্বাচনে।

চারদলের প্রার্থী ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ আবু জাফরের নির্বাচনী সভায় ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর দেওয়া বক্তব্যে হিতে বিপরীত হয়েছে। তার বক্তব্যে একদিকে আওয়ামী লীগ নাখোশ হয়েছে। অপরদিকে ঐক্যজোটের শায়খুল হাদীস সমর্থিত অংশও ক্ষুব্ধ হয়েছে।

এ নিয়ে চারদলের মধ্যেও কথা উঠেছে।

এলাকাবাসী জানান, চারদলীয় ক্ষমতায় আসারও অনেক পরে মুফতি শরাফত এলাকায় আসেন। আওয়ামী লীগ আমলে বা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি এলাকায় আসেননি। তারপরও হঠাৎ করে মুফতি প্রার্থী হয়েছেন।

এদিকে শাহ জাফর দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মনোনয়নের পাঁচদিন পর বিএনপি প্রার্থী কাজী সিরাজের মনোনয়ন বাদ দিয়ে শাহ জাফরকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রার্থী হিসাবে ঘোষণা দেন।

কাজী সিরাজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন এক তরফা হয়ে যাচ্ছে।

কিন্তু মুফতি শরাফত সবার ধারণাকে ভুল প্রমাণিত করে নি®প্রাণ নির্বাচনকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন।

নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে ভোটের অংকের হিসেব পাল্টে যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে দুই প্রার্থী নানা কৌশলে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে বৃদ্ধি করছেন গণসংযোগ।

উপনির্বাচন বর্জন করার পাশাপাশি আওয়ামী লীগ ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিল। কাজী সিরাজকে প্রতিহত করতে আওয়ামী লীগ শাহ জাফরকে সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছিল। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন।

বর্তমানে আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়া।

স্থানীয় আওয়ামী লীগের কাছে কাজী সিরাজ ও শাহ জাফরের একই মূল্যায়ন। দু‘জনই দল ত্যাগী।

এদিকে বেসরকারি সংস্থার সুশাসনের জন্য নাগরিক সুজন‘র উদ্যোগে বৃহস্পতিবার সকালে বোয়ালমারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে শাহ মোহাম্মদ আবু জাফর এবং মুফতি শরাফত হোসেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও নিজেদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত জনতা ও আয়োজকদের আহবানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বি হাতে হাত রেখে এলাকার উন্নয়নে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন।