২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পরিচলানার সমন্বিত উদ্যোগ: কর্পোরেশনের মেয়ররা শনিবার বৈঠকে বসছেন

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মেয়ররা বলেছেন, ‘নগর সরকার’ পদ্ধতির প্রস্তাবনা সরকারের বিবেচনা করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

তারা বলেন, দেশের ছয়টি সিটি করপোরেশনের জনগণের সেবা নিশ্চিত ও কার্যকর করার জন্যই এ কাজ করা প্রয়োজন। শনিবার এ বিষয়ে ঢাকায় অনুষ্ঠেয় এক বৈঠক থেকে মেয়ররা প্রস্তাবনা চূড়ান্ত করে সরকারের কাছে পেশ করবেন।

নগর সরকার পদ্ধতিসহ সিটি করপোরেশনের নানা কার্যক্রমের সমন্বিত পদ্ধতি নিয়ে মেয়ররা বিডিনিউজ প্রতিনিধিদের দেওয়া বিশেষ সাক্ষাতকারে খোলাখুলি কথা বলেছেন। নগর পিতারা জোর দিয়ে বলেছেন, ওই সমন্বিত উদ্যোগ নগরবাসীর পরিসেবার মান আরো নিশ্চিত করবে।

এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ প্রতিবেদক মহসীনুল করিমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, নতুন নগর ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাবনার বিষয়ে সরকারের আন্তরিক হওয়া উচিত। শুক্রবার ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি ভবনে দেওয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

তিনি জানান, এর আগে মেয়রদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনের পক্ষ থেকেই দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পৃথক খসড়া তৈরী করা হয়েছে। তবে চট্টগ্রামের মেয়র দেশের বাইরে থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারেননি। শনিবারের বৈঠকে ছয় মেয়র নিজ নিজ খসড়া উপস্থাপন করবেন।

নতুন নগর ব্যবস্থার নাম ‘সিটি গভর্নমেন্ট’ নাকি ‘মেট্রো গভর্নমেন্ট’ হবে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মেয়র খোকা বলেন, নামের বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি। তবে শনিবারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে সিটি গভর্নমেন্টের চেয়ে মেট্রো গভর্নমেন্ট নামকরণের সম্ভাবনাই বেশি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের প্রস্তাবিত ‘মেট্রোপলিটন গভর্নমেন্ট বা মহানগর সরকার’ ব্যবস্থার সাথে একমত পোষণ করেন কি না, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারো সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমরা একটি ভালো ব্যবস্থার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ প্রতিবেদক সমীর বড়ুয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেন, করপোরেশনের জনগণের সেবা নিশ্চিত ও কার্যকর করার জন্য ‘নগর সরকার’ পদ্ধতি নিয়ে তাদের প্রস্তাবনা সরকারের বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘আমি চাই নগর সরকার ধারণা নিয়ে নগরবাসীর চলমান দাবী সরকার দ্রুত অনুমোদন করুক’।

তিনি জানান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ইতিমধ্যে নগর সরকার গঠনে তার ধারণার সঙ্গে একমত পোষন করেছেন। ঢাকা মেয়রের আমন্ত্রণেই তিনি শনিবারের বৈঠকে যোগ দিচ্ছেন যেখানে এ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চট্টগ্রামের মেয়র জানান, জাপানের ওসাকা সিটির আলোকে খসড়া পরিকল্পনা প্রায় চুড়ান্ত। খসড়া পরিকল্পনাটি ইতোমধ্যে সাদেক হোসেন খোকার কাছে পাঠানো হয়েছে।

নির্বাহী, আইন প্রণয়ণ ও বিচার-এই তিনটি পদ্ধতির সমন্বয়ে খসড়া পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। যদিও খসড়ায় মেয়রকে অভিশংসন ব্যবস্থার সুযোগ রাখা হয়নি।

সিটি কাউন্সিল, সিটি সংসদ এবং উপদেষ্টা কাউন্সিলের প্রস্তাবের প্রভাবও এই প্রস্তাবনায় সমন্বিত করা হয়েছে। এ খসড়ায় আগে দুইজন ডেপুটি মেয়র পদের প্রস্তাব ছিল, যদিও এখন তা বাতিল করা হয়েছে।

মেয়র বলেন, শিক্ষা, স্বাস্থ্য পরিবেশ, বন্দর, বিদ্যুৎ, ওয়াসা, সড়ক, বাসস্থান ও নারী বিষয়কসহ প্রায় ২০টি বিভাগ প্রস্তাবিত পদ্ধতির আওতায় আনা হয়েছে। ফলে নগর পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুসমন্বয়ের জন্য সেগুলোও নগর সরকারের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু বিডিনিউজের রাজশাহী প্রতিনিধি

মেহবুব আলম বর্ণকে দেওয়া সাক্ষাতকারে বলেন, সিটি কর্পোরেশনের সাথে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয় করা উচিত। উন্নত নগরীর আশাতেই আমাদের সিটি কর্পোরেশনের সংস্কার প্রয়োজন।

মেয়র মিনু বলেন, আমাদের যে সমস্ত সেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে তার সমন্বয় করা উচিত। বিশ্বের উন্নত সিটিগুলো যে ভাবে পরিচালিত হয়, সে আলোকেই যাতে আমাদের সিটিগুলো পরিচালিত হতে পারে, এমন সিদ্ধান্তই আমরা গ্রহণ করব।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান বিডিনিউজ প্রতিনিধি রবিউল আলমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, সিটি কর্পোরেশনের কার্যক্রমের জন্য কর্পোরেশনের এখতিয়ার বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, ‘নগর সরকার’ গঠনের উদ্দেশ্যে শনিবার ঢাকায় অনুষ্ঠেয় দেশের ছয় মেয়রের বৈঠকেও তিনি নিজস্ব কিছু প্রস্তাবনা তুলে ধরবেন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলামকে দেওয়া সাক্ষাতকারে বলেন, স্বয়ংসম্পূর্ণ সিটি কর্পোরেশন ছাড়া নগর সরকার চালানো সম্ভাব নয়। শুক্রবার বিডিনিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মেয়র এক কথা বলেন।

নগর সরকার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, কর্পোরেশনের উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন। এক্ষেত্রে নগর সরকারের বিকল্প নেই।

সিলেট মেয়র বদরুদ্দিন কামরান ওই পাঁচজন মেয়রের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, তারো ওই সমন্বিত উদ্যোগে সমর্থন রয়েছে।