নতুন নগর ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাবনায় সরকারের আন্তরিক হওয়া উচিত: সাক্ষাতকারে সাদেক হোসেন খোকা
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, নতুন নগর ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাবনার বিষয়ে সরকারের আন্তরিক হওয়া উচিত।
শুক্রবার ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি ভবনে বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি একথা বলেন।
নতুন নগর ব্যবস্থার কাঠামো চুড়ান্ত করতে শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে মেয়র হাউজে অনুষ্ঠেয় ছয়জন মেয়রের যৌথ বৈঠকের আগে তার এ সাক্ষাতকার নেওয়া হয়। সাদেক হোসেন খোকা জানান, নতুন নগর ব্যবস্থা সংক্রান্ত সকল মেয়রের মতামতের ভিত্তিতে একটি অভিন্ন প্রস্তাবনা শিগগিরই চুড়ান্ত করা হবে।
তিনি আরো জানান, এর আগে মেয়রদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি সিটি করপোরেশনের পক্ষ থেকেই দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পৃথক খসড়া তৈরী করা হয়েছে। তবে চট্টগ্রামের মেয়র দেশের বাইরে থাকায় সেই বৈঠকে যোগ দিতে পারেননি। শনিবারের বৈঠকে ছয় মেয়র নিজ নিজ খসড়া উপস্থাপন করবেন।
সাদেক হোসেন খোকা বলেন, এককভাবে কোনো মেয়রের প্রস্তাবনাই চুড়ান্ত নয়। সকল মেয়রের আলোচনা ও মতামতের ভিত্তিতেই একটি অভিন্ন প্রস্তাবনা চুড়ান্ত করা হবে।
তিনি বলেন, তবে কোনো প্রস্তাবনার কারণে যেনো সরকারের সাথে আমাদের মতপার্থক্য বা দূরত্বের সৃষ্টি না হয়, সেদিকেও দৃষ্টি দেওয়া হবে। প্রস্তাবনাটি প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এবং পরে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
নতুন নগর ব্যবস্থার নাম ‘সিটি গভর্নমেন্ট’ নাকি ‘মেট্রো গভর্নমেন্ট’ হবে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মেয়র খোকা বলেন, নামের বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি। তবে শনিবারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে সিটি গভর্নমেন্টের চেয়ে মেট্রো গভর্নমেন্ট নামকরণের সম্ভাবনাই বেশি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিসিসির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের প্রস্তাবিত ‘মেট্রোপলিটন গভর্নমেন্ট বা মহানগর সরকার’ ব্যবস্থার সাথে একমত পোষণ করেন কি না, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারো সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমরা একটি ভালো ব্যবস্থার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রস্তাবনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার পর এ ব্যাপারে সরকারের মনোভাব জানা যাবে। সরকার যদি মানতে না চায়, তবে সব ক’জন মেয়র বৈঠক করেই সিদ্ধান্ত নেবো পরবর্তী পদক্ষেপ কি হবে। এ বিষয়ে সরকার আন্তরিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
