১৪ দল সেপ্টেম্বরে সারা দেশে জনসভা, বিক্ষোভ সমাবেশ ও ১৫ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে
আওয়ামী লীগসহ ১৪ দল সেপ্টেম্বরে সারা দেশে জনসভা ও বিক্ষোভ সমাবেশ এবং ১৫ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে।
জাসদ কার্যলায়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: প্রথম দফায় ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় দফায় ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশের সকল জেলায় ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সফর, ১২ সেপ্টেম্বর দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদ বিরোধী দিবসে ঢাকাসহ দেশের সকল জেলা উপজেলায় অবস্থান ধর্মঘট, ১৮ সেপ্টেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৭ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দল নেতৃবৃন্দের মতবিনিময় এবং স্ব স্ব দল ও জোটের সারা দেশে সমাবেশ।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কেন্দ্রীয় নেতা শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান এবং আজিজুল ইসলাম খান, অ্যাডভোকেট শফিকুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, আবু আহমেদ শাহাবুদ্দিন, জাকির হোসেনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
