জোট সরকার উট পাখি নীতিতে দেশ চালাচ্ছে: ড. কামাল
সংবিধান প্রণেতা ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর সরকার উট পাখির মত মুখ গুজে আছে, তারা কোন কিছু বিবেচনায় আনছে না।
সরকার উট পাখি নীতিতে দেশ চালাচ্ছে ।
বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে সারাদেশে বোমা হামলার প্রতিবাদে প্রতীক অনশনে বৃহস্পতিবার বিকল্পধারার নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. কামাল হোসেন একথা বলেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী ১৭ আগস্ট বোমা হামলা সম্পর্ক ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। ফলে দেশের মধ্যে ও দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মন্ত্রীদের মধ্যকার মত ভিন্নতা দূর করার লক্ষ্যে সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর এ ঘটনা সম্পর্কে বক্তব্য দেওয়া উচিত।
অব্যাহত বোমা হামলা ও জঙ্গী কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, গত দুই বছর ধরে সরকার সকল বোমা হামলার ঘটনা অবহেলা ও উপেক্ষা করে আসছে। ১৭ আগস্টের ঘটনায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
বিকল্পধারার দলীয় কার্যালয়ে প্রতীক অনশনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী, মেজর (অবঃ) আবদুল মান্নান, অধ্যাপক নরুল আমিন ও এটিএম শামসুজ্জামান প্রমূখ।
বি. চৌধুরী বলেন, স্বাধীনতা ও গনতন্ত্রকামী দেশের মানুষদের অন্য পথে চালিত করলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, ১৭ আগস্ট বোমা হামলা নিয়ে সামগ্রিকভাবে সরকার সকলের সাথে আলোচনা করতে পারে। এমনকি সংসদীয় সকল দলের সাথে আলোচনা করতে পারে।
মেজর (অবঃ) আবদুল মান্নান বলেন, সরকারি দলের কোন নেতাদের মদদে ১৭ আগস্ট বোমা হামলা হয়েছে, জনগণ তা জানতে চায়।
বিকেলে ড. কামাল বিকল্পধারার নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।
